এখনো যন্ত্রণাদগ্ধ সিজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শেষ হয়েছে তিন মাস হলো। নব্বই দিন অনেক লম্বা সময়। কিন্তু এখনো নাকি পরাজয়ের হতাশার মেঘ ঘিরে রেখেছে হুলিও সিজারের আকাশ! ব্রাজিলের এই গোলরক্ষক সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার খুবই খারাপ লেগেছিল। এখনো লাগে। যখন শুয়ে পড়ি, বালিশে মাথা রাখি, মনটা বিষাদে ভরে উঠে।’ কেন এই অনুভূতি হয় সেই ব্যাখ্যাও দিয়েছেন, ‘কারণ আমার মনে হয়, বিশ্বকাপ জেতার জন্য প্রয়োজনীয় সবকিছুই আমাদের ছিল।’আসলেই তাই। দুঙ্গার নেতৃত্বে চোখ ধাঁধানো না হলেও কার্যকর ফুটবল খেলছিল ব্রাজিল। কোপা আমেরিকা আর কনফেডারেশনস কাপও জিতিয়েছিলেন দুঙ্গা। কিন্তু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গিয়ে হোঁচট খেতে হলো। হল্যান্ড বাড়ি পাঠিয়ে দিল শেষ আটে।অনেকের মতে, এ সময়ের সেরা গোলরক্ষক সিজার জানান, দেশে ফেরার পর বাড়িতে নিজেকে বন্দী করে রেখেছিলেন, ‘বাড়ি থেকে বের হওয়াটাই ছিল সবচেয়ে কঠিন। লুসিও একদিন এসে নিয়ে গিয়েছিল বলেই বের হয়েছিলাম। সেটাও আট দিন পর। বাইরে যেতে মন একেবারেই টানছিল না। কিছু করতেও ইচ্ছা করছিল না।’ইন্টার মিলানের এই অতন্দ্র গোলপ্রহরী জানালেন, বিশ্বকাপ ট্রফির একটা বড় ছবি সাত ভাগে ভাগ করে কাটা হয়েছিল। ব্রাজিল একটা করে ম্যাচ জিতেছে সেই সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটা করে টুকরো। বিশ্বকাপের সাত ম্যাচের প্রতিটিই জিতলে সাতটি অংশ জোড়া লেগে জেত। ছবিটাও পূর্ণ হতো। সেটি হয়নি। পঞ্চম টুকরোটি আর জোড়া লাগাতে পারেনি দুঙ্গার দল।‘এটা এখনো আমাকে আবেগাক্রান্ত করে। এটা আসলেই কঠিন এক মুহূর্ত’—ওই সাক্ষাৎকারে বলেছেন সিজার। রয়টার্স।