এখনো রোনালদোর অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট কাটিয়ে ফিরতে মরিয়া রোনালদো। কাল নিউ জার্সির ফ্লোরহাম পার্কে দলের সঙ্গে অনুশীলনে মগ্ন পর্তুগিজ অধিনায়ক l এএফপি
চোট কাটিয়ে ফিরতে মরিয়া রোনালদো। কাল নিউ জার্সির ফ্লোরহাম পার্কে দলের সঙ্গে অনুশীলনে মগ্ন পর্তুগিজ অধিনায়ক l এএফপি

তাঁর চোট-শঙ্কায় অস্থির হয়ে আছে পুরো পর্তুগাল। অপেক্ষার প্রহর গুনছেন ফুটবলপ্রেমীরাও। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো কবে মাঠে ফিরবেন, এ প্রশ্নের জবাব যেন জানা নেই কারও। জবাব নেই রোনালদোর নিজের কাছেও। গত মাস থেকে ঊরুর চোটে ভুগছেন পর্তুগিজ অধিনায়ক। দেশে ফিরে জাতীয় দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করতে পারেননি। শেষ পর্যন্ত কি আদৌ বিশ্বকাপে খেলতে পারবেন ফিফা বর্ষসেরা ফুটবলার?
বিশ্বকাপ ১২ জুন শুরু হলেও পর্তুগালের প্রথম ম্যাচ ১৬ জুন। ড্র-ভাগ্যে বাড়তি এই কটা দিন বেশি হাতে পাওয়ায় নিজেদের এখন ভাগ্যবানই মানছে পর্তুগিজরা। দিন ঘনিয়ে এলেও এখন পর্যন্ত রোনালদোকে নিয়ে ভালো কোনো খবর দিতে পারেননি পাওলো বেন্তো। পরশু পর্তুগালকে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলতে হলো রোনালদোকে ছাড়াই। দু-এক দিনের মধ্যে রোনালদো চোট কাটিয়ে মাঠে ফিরতে পারবেন, সে রকম কোনো আভাসও নেই। বাড়তি ওই কটা দিনই এখন ভরসা দিচ্ছে বেন্তোকে। ভেতরে ভেতরে যদি ভয় থেকেও থাকে বাইরে সেটা প্রকাশ করলেন না পর্তুগিজ কোচ, ‘আমরা জার্মানির সঙ্গে ম্যাচটার জন্য প্রস্তুতি শুরু করেছি। সে যখনই অনুশীলনের মতো ফিট হবে, আমরা সবাইকে জানাব। তবে রোনালদোই তো আমাদের দলের একমাত্র ভালো খেলোয়াড় নন।’
রোনালদোর সঙ্গে খেলতে পারেননি পেপে এবং রাউল মেইরেলেসও। তার পরও পর্তুগাল জিতেছে; তবে মেক্সিকোর বিপক্ষে ১-০ জয়টা ব্রুনো আলভেসের দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের গোলে। আগের ম্যাচে গ্রিসের সঙ্গে গোলশূন্য ড্র, পরশুও ড্র করতে করতে জয়। তরুণ ফরোয়ার্ড এদের-নানিরা নিজেদের ঠিকভাবে মেলে ধরতে না পারায় বেন্তোকে মাঠ ছাড়তে হয়েছে উদ্বেগ নিয়েই। মঙ্গলবার বসনিয়ার কাছে হারের পর পরশুর হার, মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরার হতাশাটা আরও বড়।
জয় পেয়েছে কলম্বিয়া, রাশিয়া ও জাপান। ফ্যালকাওকে হারানো কলম্বিয়া ৩-০ গোলে হারিয়েছে জর্ডানকে। দুটি গোলই অবশ্য পেনাল্টিতে। রাশিয়া ২-০ গোলে হারিয়েছে মরক্কোকে। এএফপি।