এখনো লক্ষ্যহীন বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসে এবার কয়টি সোনা আশা করছেন?
‘ওটা তো ফেডারেশন বলবে। আমাদের কাছে এখনো ফেডারেশনগুলো তেমন কোনো রিপোর্ট দেয়নি।’
বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজার উত্তরই বলে দিচ্ছে এখনো এসএ গেমসে সম্ভাবনা নিয়ে কোনো পর্যালোচনা হয়নি। অন্যান্য সময় গেমসের দুই-তিন মাস আগেই বিওএর প্রশিক্ষণ কমিটি সবার কাছ থেকে সম্ভাবনার কথাটা জেনে নিত। এবার এখনো এ নিয়ে কাজ না হওয়ায় গেমসের প্রস্তুতি লক্ষ্যহীনভাবেই চলছে।
লক্ষ্যটা ঠিক করা গেলে সবচেয়ে বড় সুবিধা যেটি হয়, সম্ভাবনাময় খেলোয়াড়দের বাড়তি যত্ন নেওয়া যায়। এটা দলের জন্যই ভালো। বিওএর এক কর্মকর্তা বললেন, টার্গেট না থাকলে এলোমেলোভাবেই চলবে সবকিছু। কাজেই কোন কোন খেলোয়াড় পদক জিততে পারে তার একটা হিসাব রাখা উচিত। আর ওই খেলোয়াড়দের একটু বেশি সুযোগ-সুবিধা দিলে কাঙ্ক্ষিত ফল আসতে পারে।
বিওএর সহসভাপতি ও পাঁচ বছর আগে ঢাকা গেমসে প্রশিক্ষণ কমিটির প্রধান মিজানুর রহমান মানু গোটা ব্যাপারটা খুব কাছ থেকে দেখছেন। বিওএর বর্তমান কমিটিরও এই সহসভাপতির অনুমান, ‘এবার ১০-১২টি সোনা আসতে পারে।’ ব্যাখ্যাও করলেন তা, ‘আর্চারি ও শ্যুটিংয়ে দুটি করে সোনা আশা করি। ফুটবল, তায়কোয়ান্দো, মেয়েদের ভারোত্তোলন, উশু, বক্সিংয়ে একটি করে সোনার সম্ভাবনা দেখছি।’
গতবার ঘরের মাঠে ১৩ মাস অনুশীলন করে ১৮টি সোনা, ২৩টি রুপা মিলিয়ে মোট ৯৭টি পদক এসেছে। এবার তা হবে না স্বাভাবিক। প্রস্তুতি যে মাত্র ২-৩ মাসের। উপরন্তু আগামী ১০-২০ জানুয়ারি গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় ১২তম দক্ষিণ এশিয়ান গেমসের প্রস্তুতিতে লাগেনি জোর হাওয়া। সরকার ১০ কোটি টাকা এরই মধ্যে দিয়ে দিয়েছে, কাজেই টাকার সমস্যা নেই। কিন্তু অন্য সময় এসএ গেমস এলে ক্রীড়াবিদদের মধ্যে যে একটা উৎসব দেখা যায়, সেটি এবার এখনো চোখে পড়ছে না।
খেলোয়াড় বিদ্রোহের কারণে হকি তো ক্যাম্পই শুরু করতে পারেনি। জুডো ফেডারেশনের সাড়া নেই। মিজানুর রহমান বলছিলেন, ‘জুডোর সম্ভাবনা আছে। তবে ওরা খেলবে কিনা বলা কঠিন। অনুশীলন দূরের কথা জুডোর অ্যাডহক কমিটির কোনো খোঁজই পাচ্ছি না আমরা।’
বাকি ১৯টি ইভেন্টের মধ্যে ফুটবলের ব্যাপারটা আলাদা। নিজেদের সুবিধা অনুযায়ীই ফুটবল প্রস্তুতি নেবে। গেমসে মোট ২২টি ইভেন্টের মধ্যে শুধু ট্রায়াথলনে দল পাঠাবে না বাংলাদেশে। এটির চর্চা এ দেশে নেই। তবে সবচেয়ে বড় দুঃসংবাদ হলো কারাতের না থাকা। গতবার এই খেলায় চারটি সোনা জিতেছিল বাংলাদেশ, সেই কারাতেকে এবার বাদ দিয়েছে আয়োজক ভারত। অনেক চেষ্টা করেও ইভেন্টটি ঢোকাতে পারেনি বিওএ। কারণ ভারতীয় কারাতে ফেডারেশন দুই ভাগে বিভক্ত, হাইকোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে।
বাংলাদেশের পছন্দের ইভেন্ট ক্রিকেট, গলফও বাদ। গতবার এই দুটি ইভেন্টেই সোনা এসেছে। তা ছাড়া মেয়েদের ফুটবল, কুস্তি, তায়কোয়ান্দো রাখেনি আয়োজকেরা। মেয়েদের এই ইভেন্টগুলোকে গেমসে নেওয়ার জোর দাবিই তোলা হবে চেন্নাইয়ে আজকের গেমস-সংক্রান্ত এক সভায়। এখানেই ইভেন্ট চূড়ান্ত হওয়ার কথা। গুরুত্বপূর্ণ এই সভায় অংশ নিতে ভারতে গেছেন বিওএর তিন কর্মকর্তা হারুনুর রশিদ, আশিকুর রহমান মিকু ও ইমতিয়াজ খান বাবুল।
তবে ইভেন্ট নিয়ে ভারতের সঙ্গে দর-কষাকষিতে বাংলাদেশের পেরে ওঠা কঠিন। যদিও ভারত ছাড়া বাকি দেশগুলো চায় ‘লিঙ্গসমতা’। অর্থাৎ সমতার ভিত্তিতে ছেলেদের খেলার সঙ্গে মেয়েদের খেলা রাখা। তাই আজকের সভায় মেয়েদের বাদ পড়া ইভেন্টগুলো যোগ হতে পারে বলেই বিওএর আশা।