এখনো শচীনেই ভরসা দ্রাবিড়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ভারতের আরেক ব্যাটিং স্তম্ভ ভিভিএস লক্ষ্মণ। স্বর্ণযুগের শেষ স্তম্ভ হিসেবে এখন কেবল টিকে আছেন শচীন টেন্ডুলকার। আর টেস্ট ক্রিকেটে ভারতের সাফল্য অর্জনের জন্য এখন লিটল মাস্টারের ওপরই ভরসা করছেন রাহুল দ্রাবিড়। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টেন্ডুলকারকেই মূল ভরসা মানছেন মি. ওয়াল।নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের একমাত্র অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে থাকছেন টেন্ডুলকার। দীর্ঘ ১৬ বছর ধরে তিনি যেভাবে ভারতের ব্যাটিং দায়ভার সামলেছেন, এবারও তাঁকে সেই ভূমিকায়ই দেখা যাবে বলে আশা করছেন দ্রাবিড়। সম্প্রতি এক সাক্ষাত্কারে ভারতের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই শচীন অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে খেলে আসছেন। তিনি এই ভার বহন করছেন ১৬ বছর ধরে। আর আমি আশা করছি আসন্ন টেস্ট সিরিজেও তিনি এটা অব্যাহত রাখবেন।’সদ্য অবসরের ঘোষণা দেওয়া ভিভিএস লক্ষ্মণের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দ্রাবিড়। লক্ষ্মণের কাছ থেকে তরুণ ভারতীয় ক্রিকেটারদের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করছেন ভারতের সাবেক এই অধিনায়ক। তিনি বলেছেন, ‘লক্ষ্মণ যেভাবে নিজেকে প্রস্তুত করেছে, যেভাবে অনুশীলন করেছে, তা যেকোনো তরুণ ক্রিকেটারের জন্যই অনুপ্রেরণার। আমি নিশ্চিত সবাই তাঁর খেলা দেখেছে ও অনেক কিছু শিখেছে। আশা করি এদের মধ্যে থেকেই কেউ হয়তো লক্ষ্মণের জায়গাটা পূরণ করবে।’ ইএসপিএন।