এখনো শেষ হয়নি রোনালদোর লড়াই
গতকাল রাতেই অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে স্প্যানিশ লিগের শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছ থেকে টানা তিন বছর পর লা লিগার মুকুটটা ছিনিয়ে নিতে পারলেও ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াই এখনো শেষ হয়নি। এখন তিনি ছুটছেন স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার আসনটির পেছনে। এখন পর্যন্ত ৪৪ গোল করে দ্বিতীয় স্থানে আছেন রিয়ালের এই পর্তুগিজ স্ট্রাইকার। আর মাত্র ২ গোলের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানটা দখলে রেখেছেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার লিওনেল মেসি।গত বছর স্প্যানিশ লিগে নিজের সর্বোচ্চ ৪০টি গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুট পুরস্কার জিতেছিলেন রোনালদো। এবার নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এ সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। লিগের আরও দুই ম্যাচ বাকি থাকতেই তাঁর গোলসংখ্যা ৪৪। এখন মৌসুম শেষে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী মেসিকে পেছনে ফেলতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। তবে নিজের গোল-রেকর্ডের চেয়ে রিয়াল মাদ্রিদের শিরোপা জয়টাই বেশি গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন রোনালদো। তিনি বলেছেন, ‘আমি আগে কখনো স্প্যানিশ লিগ শিরোপাটা জিততে পারিনি। আমি এটাই জিততে চেয়েছিলাম। এরই মধ্যে আমি দুবার গোল্ডেন বুট পুরস্কার জিতেছি। যদি এবার তৃতীয়বারের মতো এটা জিততে পারি, তাহলে খুবই ভালো হবে। কিন্তু আজ রাতে লিগ শিরোপা জেতাটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।’এবারের মৌসুমে রোনালদোর দুর্দান্ত পারফরমেন্সের ওপর ভর করে নতুন একটি রেকর্ডও গড়েছে রিয়াল মাদ্রিদ। ১৯৮৯-৯০ মৌসুমে তারা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিল ১০৭ বার। আর এবার দুই ম্যাচ বাকি থাকতেই রিয়ালের সমন্বিত গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১৫টি। রয়টার্স।