এখনো শোকগ্রস্ত মেসি

গত রোববারের সন্ধ্যাটা কিছুতেই ভুলতে পারছেন না লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালে কত স্বপ্ন নিয়ে খেলতে নামলেন কিন্তু ফিরলেন খালি হাতে। অধরা বিশ্বকাপটা আর পাওয়া হলো না তাঁর। পুরো ব্যাপারটাই বড্ড বাজেভাবেই তাড়া করে ফিরছে তাঁকে। প্রতিটি মুহূর্তেই যেন কাঁটা হয়ে বিঁধছে মারিও গোটশের গোলটি। গঞ্জালো হিগুয়েইন, রদ্রিগো প্যালাসিও আর নিজের অমার্জনীয় সেই তিনটি মিস হয়তো আরও অনেক দিন তাড়িয়ে বেড়াবে তাঁকে।
বিশ্বকাপ ফাইনালটা মেসিকে কতটা পোড়াচ্ছে তাঁর প্রমাণ তিনি রেখেছেন নিজের ফেসবুকে। অবসরে শুয়ে-বসেও তাঁর মাথায় যে বিশ্বকাপটাই ঘুরছে, সেটা বোঝা গেল তাঁর ফেসবুক স্ট্যাটাসে। তিনি বিশ্বকাপ ফাইনালে জিততে না পারার জন্য ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইনদের কাছে। প্রতিশ্রুতি দিয়েছেন, পরের বার তিনি অবশ্যই আর্জেন্টিনাকে ফাইনালে তুলবেন আর অবশ্যই কাপ জিতে দেশে ফিরবেন।
আপাতত দেশেই আছেন মেসি। রোজারিওতে পরিবার-পরিজনের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। কিন্তু কিছুতেই যেন মনের শূন্যতাটা ঝেড়ে ফেলতে পারছেন না বিশ্বফুটবলের এই মহিরুূহ। প্রিয়জনদের সান্নিধ্যেও হাহাকার উঠছে তাঁর মনে, ‘এত কাছে গিয়েও বিশ্বকাপটা হাতে নিতে পারলাম না!’
মেসির মনটা সবচেয়ে বেশি খারাপ হয়েছে তাঁর দেশের মানুষের জন্য। কত প্রত্যাশা, কত ভালোবাসা, কত সমর্থন। কিন্তু এর বিনিময়ে তাঁদের কিছুই দিতে পারলেন না তিনি, ‘ফাইনালে হেরে দেশে ফেরার পরও রাস্তার দুই ধারে দাঁড়িয়ে মানুষ আমাদের সাদরে বরণ করে নিয়েছেন। আমরা তো তাঁদের জন্য কিছুই করতে পারিনি। আমি সত্যিই কল্পনা করিনি, এতটা ভালোবাসা আমাদের জন্য তাঁরা জমিয়ে রেখেছেন।’
তবে দেশের মানুষের এই সমর্থন তাঁর মনের জোর অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন মেসি, ‘তাঁদের সমর্থনে আবার ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছি। পুরো দল চাঙা হয়ে উঠছে। কথা দিচ্ছি, রাশিয়ায় ২০১৮ সালের বিশ্বকাপে আমরা আর্জেন্টিনাকে ফাইনালে তুলব। কাপটাও জিতে ফিরব।’
মনের হতাশাটা গোপন করেননি মেসি, ‘মনটা খুব ভারী হয়ে আছে। কিছুতেই তীরে এসে তরী ডোবার হতাশাটা ভুলতে পারছি না। কোনো কিছুতেই মন বসাতে পারছি না।’