এখনো সংকটাপন্ন, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুমাখার
শুমাখার

রুদ্ধদ্বার কক্ষে চলছে অস্ত্রোপচার। বাইরে উৎকণ্ঠিত সাংবাদিক-জনতা। চিকিৎসকেরা কিছুক্ষণ পরপরই জানিয়ে যাচ্ছেন মাইকেল শুমাখারের সর্বশেষ অবস্থা। না, এখনো শঙ্কা কাটেনি। তবে মস্তিষ্কের প্রথম অস্ত্রোপচার সফলই হয়েছে। আগের দিনের চেয়ে তাঁর অবস্থার কিছুটা উন্নতিও লক্ষণীয়।
পরশু সারা রাত ধরে সফল অস্ত্রোপচারের পর প্রধান অ্যানেসথেটিস্ট জিন-ফ্রাঙ্কোইস পায়েন নিজেই বলছেন, ‘গতকালের তুলনায় পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। তবে আমরা এটা বলতে পারছি না, তিনি বিপদমুক্ত। আমরা কয়েকটা ঘণ্টা সফল হয়েছি। কিন্তু আমাদের আরও ঘণ্টার পর ঘণ্টা নজরদারি করে যেতে হবে।’
গ্রেনোবল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান এমানুয়েল গে জানাচ্ছেন, শুমাখারের মাথায় আরও একাধিক অস্ত্রোপচার করতে হবে। জার্মানির রেকর্ড সাতবারের সাবেক ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন গত রোববার ফ্রান্সের আল্পস পর্বতের পাদদেশে মেরিবেল রিসোর্টে স্কি করতে গিয়ে পাথরখণ্ডের সঙ্গে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। দ্রুতই তাঁকে স্থানীয় গ্রেনোবল হাসপাতালে নেওয়া হয়। রয়টার্স।