এখনো সবুজ টট্টি

নতুন করে আরও দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন। ৩৭ ছুঁই-ছুঁই ফুটবলের বিচারে প্রায় ‘বুড়ো’ এক খেলোয়াড়ের সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়ে রোমা যে কোনো ভুল করেনি, দুই দিনের মধ্যেই তা প্রমাণ করলেন ফ্রান্সেসকো টট্টি। পরশু রোমার অধিনায়ক পেয়েছেন মৌসুমের প্রথম গোল। পার্মার বিপক্ষে রোমাও জিতেছে ৩-১ গোলে। লিগে তিন ম্যাচেই জিতে রোমা ধরে রাখল শতভাগ জয়ের ধারা। নাপোলিরও তিনে তিন, গোল বেশি করায় তারাই এক নম্বরে।
লিগে দুই দলের সর্বশেষ ১৪ সাক্ষাতে একবার হেরেছিল রোমা। কিন্তু প্রতিপক্ষের মাঠে ৩৯ মিনিটে ফরাসি ফরোয়ার্ড জোনাথন বিয়াবিয়ানির গোলে পিছিয়ে পড়ে টট্টির দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য রোমাকে সমতায় ফেরান আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি। ৭০ মিনিটে দলকে এগিয়ে দেন টট্টি। খেলা শেষের পাঁচ মিনিট আগে পেনাল্টি থেকে রোমার তৃতীয় গোলটি করেন এ মৌসুমেই পিএসভি আইন্দোহোফেন থেকে এক কোটি ৬০ লাখ ইউরো দিয়ে নিয়ে আসা কেভিন স্ট্রুটম্যান। সিরি ‘আ’তে অভিষেকেই গোল করার আগে ডাচ মিডফিল্ডার বানিয়ে দিয়েছিলেন টট্টির গোলটিও।
পরশুর গোলটি ছিল সিরি ‘আ’তে টট্টির ২২৮তম গোল। সিরি ‘আ’র ইতিহাসে তাঁর চেয়ে বেশি গোল করেছেন শুধু সিলভিও পিওলা (২৭৪)। রয়টার্স।