এখনো সম্ভাবনা আছে পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম

মাথায় মাঠের বাইরের অনেক কিছু। দুর্ভাগ্যজনক হলো, পাকিস্তান দল আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে সেসব নিয়েই। ব্যক্তিগত কিছু কারণে প্রধান নির্বাচক মঈন খানকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। এই পরিস্থিতিতে সমালোচকদের আমি একটা কথাই বলতে চাই—দলের পারফরম্যান্সের সঙ্গে মঈনের ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই। জিম্বাবুয়ে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ছেলেদের আমরা আত্মবিশ্বাসী দেখতে চাই।
ব্রিসবেনের পিচে বাউন্স আছে। ২৮-৩০ ডিগ্রি তাপমাত্রার কারণে আবহাওয়াও কিছুটা উষ্ণ। আশা করছি টসে জিতলে পাকিস্তান আগে ব্যাট করবে। চারজন বোলার আর একজন অর্ধেক বোলার-অর্ধেক ব্যাটসম্যান নয়, পাঁচজন নিয়মিত বোলারই খেলাতে হবে। যদি টিকে থাকতে চান, সেটা ভালোভাবেই করা উচিত। ইমরান ভাই যেমন বলতেন...অন্য প্রাণীদের মতো পাঁচ বছর বাঁচার চেয়ে সিংহের মতো এক বছর বাঁচাও ভালো।
পাকিস্তান দলের প্রতিভায় আমার আস্থা আছে। তাদের পক্ষে এখনো শেষ আটে যাওয়া সম্ভব। আতঙ্কিত না হয়ে দলটা তাদের স্বাভাবিক খেলাই খেলুক। চাপ নেওয়া উচিত হবে না। বিশ্বকাপে তারা যে আরও অনেক দূর যাবে, তাতে আমার কোনো সন্দেহ নেই।
পাকিস্তান দুটি ম্যাচে হারায় সবাই-ই হতাশ। কিন্তু তার মানে এই নয় যে আমরা সবাই টেলিভিশনে গিয়ে তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলতে থাকব। সমালোচনা করুন, সে সঙ্গে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে সমস্যার সমাধান দিন। আমাদের ছেলেরা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। দলের প্রতি সবার দৃষ্টিভঙ্গি দেখে আমি খুবই হতাশ। আমাদের অবশ্যই উচিত তাদের সমর্থন দেওয়া। তাদের যেন ভয় নিয়ে খেলতে যেতে না হয়। পাকিস্তানে এই ক্রিকেট সংস্কৃতিটা তৈরি হওয়া দরকার।
এবার এবি ডি ভিলিয়ার্সকে নিয়েও একটু বলি। কী অসাধারণ খেলোয়াড়! টাইগার উডস যখন খেলা শুরু করল, বলা হলো গলফ কোর্সের হোলগুলোর দূরত্ব হওয়া উচিত ৫০০ মিটার করে। এখন ডি ভিলিয়ার্সের জন্যও মনে হয় আরও বড় স্টেডিয়াম দরকার। ৩১ বলে সেঞ্চুরির পর ৬৬ বলে করল ১৬২। সিডনি বিশ্বের বড় মাঠগুলোরই একটি। ডি ভিলিয়ার্সের কীর্তিটাকে তাই অনন্য না বলে উপায় নেই।
আমার ধারণা, চার ফিল্ডারের নিয়ম নিয়ে আইসিসি নতুন করে চিন্তা করবে। দুটি নতুন বলে খেলা হলে বৃত্তের বাইরে পাঁচজন ফিল্ডার লাগবেই। প্রতিদ্বন্দ্বিতায় সমতা আনার এটাই একমাত্র উপায়। যা-ই হোক, একজন বোলার হিসেবে আমি স্রষ্টাকে ধন্যবাদ দিতে চাই। সঠিক সময়েই অবসর নিয়ে নিয়েছিলাম আমি...এবি ডি ভিলিয়ার্স খেলা শুরুর করার আগেই! (টিসিএম)