এখনো সম্ভাবনা রয়েছে ম্যারাডোনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুলিও গ্রন্দোনা তাঁর সঙ্গে মিথ্যাচার করেছেন, আর সাবেক ‘গুরু’ কার্লোস বিলার্দো করেছেন প্রতারণা! চুক্তি না বাড়ানোর পর এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। পাল্টা জবাব হিসেবে গ্রন্দোনা ও বিলার্দো দাবি করেছিলেন, সবকিছুই ম্যারাডোনার অতি আবেগের বহিঃপ্রকাশ। এখন সেই বিলার্দোই বলছেন, কোচ হিসেবে ম্যারাডোনার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি!উত্তরসূরি কে হচ্ছেন, এ নিয়ে মিডিয়ায় নানা গুঞ্জন চলছে। তবে আর্জেন্টিনা জাতীয় দলের ম্যানেজার বিলার্দোর দাবি, ডিয়েগো ম্যারাডোনার জায়গায় কাউকে আনার জন্য কারও সঙ্গে কথা বলেননি তিনি। ম্যারাডোনার কোচ হিসেবে থাকার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে আর্জেন্টিনার দৈনিক বুয়েনস এইরেস হেরাল্ডকে গতকাল রোববার বিলার্দো বলেন, ‘ম্যারাডোনাকে আলোচনায় বসতে হবে, কথা বলতে হবে।’ম্যারাডোনার অভিযোগ ছিল, চক্রান্ত করে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এ চক্রান্তের মূল কারিগর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি গ্রন্দোনা ও ম্যানেজার বিলার্দো। তবে এ অভিযোগ অস্বীকার করে বিলার্দো বলছেন, ‘নতুন কাউকে দায়িত্ব দেওয়া নিয়ে কারও সঙ্গে কথা বলিনি আমি। এমনকি গ্রন্দোনাও কখনো এ ধরনের পরামর্শ নিয়ে আমার কাছে আসেননি।’