এখনো সেই ইমরুলকেই দেখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তখন জাতীয় দলের অধিনায়ক। কুষ্টিয়ার বাসায় একদিন আমার এক ভাই একটা ছেলেকে নিয়ে এল। তার বাড়ি আমার পাশের জেলা মেহেরপুরে। ছেলেটা প্রথম বিভাগ ক্রিকেটে খেলে, আমার পরামর্শ চায়। তখনো কল্পনা করিনি, মাত্র এক বছরের মধ্যে এই ছেলেকেই দেখতে পাব জাতীয় দলে! ছেলেটার নাম ইমরুল কায়েস।ইমরুলকে আগে না চিনলেও ওই বছরই আমরা জাতীয় লিগে খুলনার হয়ে একসঙ্গে খেলি। প্রথম বিভাগ থেকে সাধারণত জাতীয় লিগে খেলোয়াড় নেওয়া হয় না। খুব ভালো পারফরম করাতেই প্রথম বিভাগ থেকে সেবার একমাত্র ইমরুল কায়েসকেই নেওয়া হয়েছিল খুলনা দলে। যতদূর মনে আছে, সিলেটের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেছিল ও। উইকেটে অনেক ঘাস থাকায় বেশির ভাগ ব্যাটসম্যানকেই সে ম্যাচে সংগ্রাম করতে হয়েছে। কিন্তু ইমরুল করল সেঞ্চুরি!শুরু থেকেই দেখেছি, বাকিদের চেয়ে ওর অনেক বেশি রান-ক্ষুধা। খুলনা দলে সেবার অনেক বড় বড় খেলোয়াড় থাকলেও সবচেয়ে বেশি রান করেছিল ইমরুল।এমনিতে ইমরুল চুপচাপ ধরনের ছেলে। সবার সঙ্গে মিশলেও নিজের মতো করে থাকত। ব্যাটিং ছাড়া অন্য কোনো চিন্তা তার মধ্যে দেখিনি। এক ম্যাচে রান না পেলেই ভেঙে পড়ত, মন খারাপ করে বসে থাকত। ও কোনো দিন বড় খেলোয়াড় হবে কি না ভাবিনি, তবে তার মধ্যে রানের ক্ষুধা দেখে ভালো লেগেছিল।ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পর ইমরুল যখন পরের বছরই জাতীয় দলে ডাক পেল, একটু অবাক তো হয়েছিলামই। মনে হয়েছিল, জাতীয় দলে বোধ হয় একটু আগে আগেই ঢুকে গেল সে। তবে ইমরুল নিজেকে প্রমাণ করেছে। অনেক সময় এক-দুটি ইনিংসই একজন ব্যাটসম্যানকে বদলে দেয়। নিউজিল্যান্ডের বিপক্ষে করা সেঞ্চুরিটাও সম্ভবত ইমরুলের ব্যাটিং এবং খেলা নিয়ে তার ভাবনা পুরোপুরি বদলে দিয়েছে।গত বছর বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান ইমরুল কায়েসের। এই তথ্য সম্ভবত অনেকেই জানে না। ইমরুল নিজেও সম্ভবত এ নিয়ে কারও সঙ্গে কথা-টথা বলে না। আসলে শুরু থেকেই ছেলেটা এ রকম। একটু লাজুক, প্রচারবিমুখ, নিজেকে গুটিয়ে রাখে। অতটা ড্যাশিং ব্যাটসম্যান নয় বলে ওর পারফরম্যান্স অনেকের চোখেই পড়ে না। তার পরও সে তার কাজটা করে যাচ্ছে। আমি বলব, তামিমের সঙ্গে ইমরুলকে পাওয়াতেই বাংলাদেশ দলের ওপেনিং জুটিটা এখন এত ভালো।এক বছর ধরে টানাই জাতীয় দলে খেলছে ইমরুল। অথচ এখনো আমি তার মধ্যে কোনো পরিবর্তন দেখিনি! আমার বাসায় প্রথম যে ইমরুলকে দেখেছিলাম, এখনো দেখা হলে সেই ইমরুলকেই দেখি। কথাবার্তা, নিজেকে গুটিয়ে রাখা...সবই আগের মতো। খুবই সুশৃঙ্খল ক্রিকেটার ইমরুল। আচরণে বিনয়ী, ক্রিকেটার হিসেবে মেধাবী। এর সঙ্গে কঠোর পরিশ্রম আর রান-ক্ষুধাই তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে।একেকজনের চরিত্র একেক রকম হওয়াটাই স্বাভাবিক। অনেক সময় মানুষের বাইরের চরিত্র আর ভেতরের চরিত্র এক হয় না। অনেকে বাইরে একটু লাজুক বা চুপচাপ হলেও ভেতরে ভেতরে অনেক দৃঢ়প্রতিজ্ঞ থাকে। ইমরুলকে সে রকমই মনে হয় আমার। ও যখন অনেক ছোট, তখনই ক্রিকেট খেলার জন্য মেহেরপুর থেকে রাজশাহীতে চলে গিয়েছিল। ক্রিকেটার হওয়ার জন্য, শুধু প্র্যাকটিস করার জন্য ওই বয়সে বাড়ি ছেড়েছিল! এটাই প্রমাণ করে ইমরুল কতটা দৃঢ়প্রতিজ্ঞ। ছোটবেলায় নিজের শহরে ক্রিকেট অনুশীলনের ভালো সুযোগ পায়নি, সম্ভবত এটা ভেবেই ও এখন মেহেরপুরে একটা ক্রিকেট একাডেমি দাঁড় করানোর চেষ্টা করছে। বাইরে থেকে দেখে যা-ই মনে হোক না কেন, ইমরুলের ভেতরের চরিত্রটা বেরিয়ে আসে এসবেই।এবার ঘরোয়া ক্রিকেটে রান পাচ্ছিল না বলে একটু চিন্তিত হয়ে পড়েছিল ইমরুল। কিছুদিন আগে ওর এক বোনের বিয়ের অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছে আমার সঙ্গে। আমি বলেছি, এ নিয়ে চিন্তা করার কিছু নেই। কারণ, ব্যাটিং সে ভালোই করছিল। হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরোয়া ক্রিকেটে এসে সব বোলারের বলেই মারার চেষ্টা করছিল, কিন্তু সফল হচ্ছিল না। তবে লিগের শেষ দিকে দেখলাম ও রানে ফিরেছে।আমি চাই বিশ্বকাপে ইমরুল তার স্বাভাবিক ব্যাটিংটা করুক। বিশ্বকাপ বলে বিশেষ কিছু করতে হবে এমন কোনো কথা নেই। যা করছে, তা-ই করুক। তবে একটা পরামর্শ, স্পিনারদের বলে যেন সিঙ্গেল নেওয়ার ব্যাপারেই বেশি মনোযোগী থাকে। স্পিনারদের পেলে ইমরুল আক্রমণাত্মক হতে চায়, বড় শট খেলার দিকে ঝোঁকটা বেড়ে যায় তখন। এ জন্য স্পিনে ও অনেক বেশি আউট হয়েছে। ক্লাব ক্রিকেটেও দেখেছি ইমরুলকে পেলেই সবাই স্পিনার দিয়ে বল করানোর চেষ্টা করে। নতুন বলে ইমরুল ভালো খেলে, কিন্তু আমার মনে হয় বিশ্বকাপে স্পিনারদের বলে সিঙ্গেল নেওয়ার চেষ্টাই বেশি করা উচিত। তাহলে বোধ হয় সে বড় ইনিংসের দেখা পাবে এবং আরও ধারাবাহিক হতে পারবে।