এখনো ১৮৭ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাঞ্জেলো ম্যাথুস, থিলান সামারাবিরা ও সুরজ রনদিভের লড়াকু ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। আজ কলম্বো টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠাতে সক্ষম হয়েছেন কিউই বোলাররা। তৃতীয় দিন শেষে লঙ্কান স্কোরবোর্ডের চেহারা দাঁড়িয়েছে ৬ উইকেটে ২২৫; এখনো প্রথম ইনিংসে স্বাগতিকেরা পিছিয়ে ১৮৭ রানে। সপ্তম উইকেটে ৯৭ রানে অবিচ্ছিন্ন থেকে শ্রীলঙ্কার সংগ্রহটা সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন থিলান সামারাবিরা ও সুরজ রনদিভ। ৭৬ রানে অপরাজিত আছেন সামারাবিরা।৩ উইকেটে ৪৩ রান নিয়ে আজ কলম্বো টেস্টের তৃতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে পারানাভিতানা ও ম্যাথুসের করা ৯০ রানের জুটি ভেঙে দিয়ে আজ নিউজিল্যান্ডকে প্রথম সাফল্যটি এনে দেন টিম সাউদি। ৪০ রান করে ফিরে যান পারানাভিতানা। নিজের পরের ওভারে আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুসকেও সাজঘরে ফেরান সাউদি। ৪৭ রান আসে ম্যাথুসের ব্যাট থেকে। লঙ্কান ইনিংসের ৫০তম ওভারে প্রসানা জয়াবর্ধনের উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে যান জিতন প্যাটেল। এরপর দিনের বাকিটা সময় কিউই বোলারদের আর কোনো সুযোগ দেননি সামারাবিরা ও সুরজ রনদিভ। নিউজিল্যান্ডের পক্ষে এখন পর্যন্ত ৫১ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন টিম সাউদি।