এখনো ‘অনমনীয়’ গেইল
দলের দরজা ক্রিস গেইলের জন্য এখনো খোলা। আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিস্ফোরক পারফরম্যান্সের পরেও ভারতের বিপক্ষে অনুষ্ঠেয় সিরিজে টি-টোয়েন্টি ও প্রথম দুটি ওয়ানডেতে দলে জায়গা পাননি। এটা নিয়ে যথেষ্ট সমালোচনা থাকলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তারা তাঁর সঙ্গে আলোচনা করেই তাঁকে দলে নেওয়ার চিন্তা করছেন। কিন্তু আলোচনাটা কবে হবে, আদৌ হবে কি না—সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানা যাচ্ছে না। কারণ, ক্রিস গেইল যে নিজেই এই আলোচনা নিয়ে বড্ড বেশি নির্লিপ্ত।বোর্ডের কর্তারা মনে করছেন, ক্রিস গেইল দলে সুযোগ না পেয়ে কিছুটা নমনীয় হয়ে তাদের সঙ্গে বসবেন। কিন্তু গতকাল পর্যন্ত এমন কিছুর আভাস পাওয়া যায়নি।ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ক্লাইড বাটস গতকাল কুইনস পার্ক ওভালে ক্যারিবীয় দলের অনুশীলন সেশনে এসে বলেছেন, ‘গেইলের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো সাড়া পাইনি।’ প্রধান নির্বাচকের এ ‘সাড়া’ বলতে গেইলের ‘নমনীয়তা’ই বোঝোচ্ছেন। অথচ, এ ব্যাপারটিই তিনি দেখাচ্ছেন না। ক্রিকেট বোর্ডের নির্দেশানুযায়ী গেইলের বোর্ড কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের ভবিষ্যত্ নিয়ে আলোচনা করার কথা। পিটিআই।