এখনো ‘বিদ্রোহী’ আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোররাতেও করাচি বিমানবন্দরের বাইরে হাজার তিনেক মানুষ। পুষ্পবৃষ্টিতে বরণ করে নেওয়া হলো ‘নায়ক’কে। চারপাশ প্রকম্পিত করে তোলা স্লোগানের মাঝে উঠে গেলেন গাড়িতে। আরও বড় জমায়েত করাচিতে তাঁর বাড়ি গুলশান-ই-ইকবালের সামনে। তিনি এসে পৌঁছাতেই আবারও স্লোগান, আরেক দফা পুষ্পবৃষ্টি। হঠাৎ নিজেকে আবিষ্কার করলেন ভক্তদের কাঁধে। একজন এসে একটি টর্চ ধরিয়ে দিলেন হাতে। হাসি মুখে ভক্তদের অভিনন্দনের জবাব দিলেন ‘নায়ক’।যুদ্ধ জয় করে ফেরা কোনো সমরবীর নন। নন কোনো বিশ্ব শিরোপা জয় করে ফেরা অধিনায়কও। রাজনীতিবিদ তো ননই। এমন অভ্যর্থনা এই মুহূর্তে বিতর্কিত একজনের জন্য! আরও একবার যেন প্রমাণিত হলো, শহীদ আফ্রিদি গণমানুষের নায়ক। পিসিবির গঠিত চার সদস্যের শৃঙ্খলাসংক্রান্ত কমিটি ৮ জুনের মধ্যে দেখা করতে বলেছিল শর্তসাপেক্ষ অবসরে যাওয়া অলরাউন্ডারকে। হ্যাম্পশায়ারের হয়ে খেলার জন্য ইংল্যান্ডে যাওয়া আফ্রিদি দেশে ফিরলেন বেঁধে দেওয়া সময়ের মধ্যেই। তবে কাল সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, এই কমিটির সঙ্গে তিনি দেখা করবেন না!বোর্ডের ওপর আস্থা হারানো সাবেক অধিনায়কের দাবি স্বাধীন ট্রাইব্যুনাল, ‘বোর্ডের বাইরের লোকজন নিয়ে গঠিত স্বাধীন ট্রাইব্যুনাল যদি ঠিক করে কে ভুল আর কে ঠিক, সেটাই হবে সবচেয়ে ন্যায্য।’ আফ্রিদির আইনজীবী সৈয়দ আলী জাফর সঙ্গে যোগ করেছেন, ‘এ প্রক্রিয়ায় (বোর্ড গঠিত কমিটিতে) শুনানি হলে আমার মনে হয় না শুনানিতে অংশ নেওয়ার কোনো মানে আছে।’ বোর্ডের আচরণবিধি ভাঙা নিয়ে আফ্রিদির যুক্তি, ‘যেভাবে তারা আমাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে, সেটা আমার পছন্দ হয়নি। আমাকে একটা ফোনও করা হয়নি, কোনো কারণও জানানো হয়নি। আমি জেনেছি মিডিয়ায়। অবসরের ঘোষণাও আমি তাই মিডিয়ায় দিয়েছি।’চুক্তি ও অনাপত্তিপত্র বাতিল করার আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর আইনজীবী, ‘শুনানি হওয়ার আগেই কীভাবে শাস্তি দেওয়া হলো, এটা আমরা বুঝতে পারছি না। মনে হচ্ছে, পিসিবি যেন ঠিকই করে রেখেছে আফ্রিদি দোষী। শৃঙ্খলাসংক্রান্ত কমিটি আসলে ভাঁওতাবাজ।’দেশে ফিরে ভক্তদের অভ্যর্থনায় বিস্মিত ও অভিভূত আফ্রিদি এর আগে বলেছিলেন, ‘এত লোকজন আমাকে সমর্থন জানানোয় একটু হতভম্বই হয়ে গেছি। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে আমার অবস্থান যে যথার্থ, এটি তাঁরই প্রমাণ।’ ভক্তদের পাশে নিয়ে বোর্ডের ‘অন্যায়ের’ বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন। শুধু সাধারণ মানুষই নয়, আফ্রিদি পাশে পেয়েছেন রাজনৈতিক নেতাদেরও। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন আগেই। শোনা যাচ্ছে, বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নাকি লন্ডনে আফ্রিদিকে ফোন করে বলেছেন, কোনোমতেই তাঁরা আফ্রিদির প্রতি কোনো অন্যায় হতে দেবেন না। সমর্থন দিয়েছে ক্ষমতাসীন দলের মিত্র মুত্তাহিদা কওমি মুভমেন্টও। এসব দেখে পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘বোর্ডের অভ্যন্তরীণ ব্যাপারে রাজনৈতিক হস্তক্ষেপ হতাশাজনক।’ সব মিলিয়ে আরও ঘোর পাকাচ্ছে আফ্রিদি-বিতর্ক। এএফপি, রয়টার্স।