এখানে বিস্ময় বলে কিছু নেই
কথাটা বলার সময় মহেন্দ্র সিং ধোনির ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ‘আমরা এখন বিশ্বের শীর্ষ ফিল্ডিং দল’—ভারতীয় অধিনায়ক কিছুদিন আগেও এ কথা বললে হয়তো সেটি হতো বিশ্বের শ্রেষ্ঠ কৌতুকগুলোর একটি। এখন? আসলেই সেরা কি না, সেটা তর্কের ব্যাপার, তবে ধোনির কথা শুনে কিন্তু কেউ হাসছেন না!নক আউট ম্যাচ, ডাকওয়ার্থ-লুইস, বৃষ্টি, টাই—এই শব্দগুলো এত দিন দক্ষিণ আফ্রিকার জন্য ছিল দুঃস্বপ্ন। এবার চ্যাম্পিয়নস ট্রফিতে ওই শব্দমালাই প্রোটিয়াদের জন্য বয়ে এনেছে সৌভাগ্য।১৮ অক্টোবর ২০০৬, মুম্বাই। এবারের আগে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার সর্বশেষ পরাজয়টি ছিল ওই দিনে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরে ফাইনালে সেই ক্যারিবিয়ানদের হারিয়েই শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে গত আসরে। সেই অস্ট্রেলিয়া এবার একটি ম্যাচও জিততে পারেনি। তাতেও খুব একটা অবাক হচ্ছে না কেউ!চ্যাম্পিয়নস ট্রফির শেষ আসরের গ্রুপ পর্বের প্রতীকী চিত্র যেন এই টুকরো টুকরো ছবিগুলোই। অবাক হওয়ার মতো অনেক কিছুই হয়েছে, যাতে আসলে কেউ খুব একটা অবাক হচ্ছে না। টুর্নামেন্টের বাকিটুকুর সম্ভাব্য চিত্রটাও কল্পনা করে নেওয়া যায়। ‘বিস্ময়’ শব্দটারই যেন এই টুর্নামেন্টে কোনো স্থান নেই। সেটিই বোধহয় স্বাভাবিক। ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা আট দলের টুর্নামেন্ট। অপ্রত্যাশিত বলে কিছু এখানে থাকারই কথা নয়। আজ থেকে ফাইনালের লড়াইয়ে নামছে যে চার দল, বাঁকা চোখে দেখার সুযোগ নেই কোনো দলকেই। আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই বলটায় কাইরন পোলার্ড যদি আউট না হতেন বা ওয়েস্ট ইন্ডিজ আরেকটি বল খেলার সুযোগ পেত, কিংবা দারুণ লড়াই করা অস্ট্রেলিয়ার শেষ জুটি যদি পরশু হারিয়ে দিত শ্রীলঙ্কাকে, তাহলে পাল্টে যেত সেমিফাইনাল লাইন আপ। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার জায়গায় থাকত ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড, তবু কিন্তু বলতে হতো একই কথা। টুর্নামেন্টের বাকি দুই দলের ভাগ্য একই সূত্রে গাঁথা। অস্ট্রেলিয়ার প্রাপ্তি ১ পয়েন্ট আর পাকিস্তানের শূন্য—দু দল যা খেলেছে, তাতে এটাকেও অন্যায্য বলার উপায় নেই।পারফরম্যান্সে চমক অবশ্য যথেষ্টই আছে। ভারতের কথাই ধরুন। র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হলেও ঠিক ফেবারিটের তকমাটা ছিল না। দেশের মাটিতে পাকিস্তানের কাছে সিরিজ হেরেছে জানুয়ারিতে, এরপর ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে কষ্টে। এর চেয়েও বড় কারণ ছিল ইংল্যান্ডে খেলা বলে। ২০১১ সালে এখানে নাকানি-চুবানি খেতে হয়েছে। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে শর্ট বলে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে সে কি হাসাহাসি! আর ফিক্সিং কেলেঙ্কারির সাম্প্রতিক বিতর্ক তো ছিলই। দুর্দান্ত ব্যাটিং, কার্যকরী বোলিং আর তুখোড় ফিল্ডিংয়ে সব কিছু উড়িয়ে দিল ধোনির তরুণ দল। প্রস্তুতি ম্যাচে মিলেছিল ইঙ্গিত, মূল টুর্নামেন্টে সেটাই প্রস্ফুটিত। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের মাত্র তিনজনই আছেন এই দলে—কোহলি, রায়না ও ধোনি। অথচ এই তিনজন বড় কিছু না করার পরও ভারত সেমিতে উঠে গেছে অনায়াসে। সবচেয়ে বেশি নজর কেড়েছে দলটির শরীরী ভাষা। দুঃসাহসী, আক্রমণাত্মক। কপিল দেব যেমন বলছেন, ‘এই দলটাই ভবিষ্যতের দল। ভয়ডরহীন ক্রিকেট খেলছে ওরা, এখনো পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল অনেকটা এগিয়ে থেকে।’ভারতের এই অপ্রতিরোধ্য যাত্রায় খানিকটা ভূমিকা আছে ইংল্যান্ডের উইকেটেরও। বৃষ্টির নিয়মিত আনাগোনার মধ্যেও ইংলিশ গ্রীষ্মে এমন শুষ্ক উইকেট অবাক করেছে অনেককেই। স্টেইন-অ্যান্ডারসনরাও বল মুভ করাতে হিমশিম খাচ্ছেন। ব্যাটসম্যান আর স্পিনারদের পোয়াবারো। শ্রীলঙ্কার সেমিতে ওঠায় অবশ্য স্পিনারদের চেয়ে তিন পেসার মালিঙ্গা-কুলাসেকেরা-ইরাঙ্গার ভূমিকাই বেশি।নিউজিল্যান্ডের জন্য টুর্নামেন্ট ছিল ভারতের উল্টো। র্যাঙ্কিংয়ে সবচেয়ে তলানিতে, কিন্তু চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু ছিল না। গ্রুপ পর্বের শেষ ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে ছিল কিউইদের আশা। তবে বিদায় বেলায় অস্ট্রেলিয়া সঙ্গে নিয়েছে তাসমান প্রতিবেশীদেরও। চোটের কারণে ক্লার্ককে না পাওয়া, ডেভিড ওয়ার্নারের ঘুষি-কাণ্ড আর মাঠের পারফরম্যান্স মিলিয়ে অস্ট্রেলিয়ার জন্য টুর্নামেন্টটা হয়ে থাকবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সাম্প্রতিক দুঃসময়ের প্রতীক। পারফরম্যান্সে ওঠা-নামা থাকলেও ওয়ানডে দল হিসাবে ইংল্যান্ড এখন আগের চেয়ে অনেক পরিণত। ব্যাটিংয়ে কেভিন পিটারসেনের অভাব বলতে গেলে বুঝতেই দিচ্ছেন না তরুণেরা। আর দক্ষিণ আফ্রিকা তো সব সময়ই সব টুর্নামেন্টে ফেবারিট, শেষ পর্যন্ত ভাগ্যের শিকে ছিঁড়ে না। এবার ভাগ্যের ছোঁয়া কিছুটা পেয়েছে, সেটা কি ভাগ্য বদলেরই ইঙ্গিত?শেষে এসে তাই আবার যেতে হচ্ছে শুরুতে। সেমিফাইনাল শুরুর আগে ফেবারিট ভারত, তবে বাকি তিন দলের কোনোটি চ্যাম্পিয়ন হলেও ওই ‘বিস্ময়’ শব্দটা চৌকাঠের ওপারেই থাকবে।