এখানেই থামতে চান না দ্রগবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবার যেখানে শেষ করেছিলেন, নতুন মৌসুমের শুরুটা ঠিক সেখান থেকেই করলেন দিদিয়ের দ্রগবা। গত মৌসুমে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। নতুন মৌসুমের শুরুটাও একটা হ্যাটট্রিক দিয়ে করলেন চেলসি স্ট্রাইকার। তাঁর হ্যাটট্রিকের সুবাদে পরশু ওয়েস্ট ব্রমউইচকে ৬-০ গোলে হারিয়েছে চেলসি।গত মৌসুমে শেষ ম্যাচের সেই হ্যাটট্রিকই প্রিমিয়ার লিগের সোনার জুতা জিতিয়েছিল তাঁকে। ওয়েইন রুনির সমান গোল নিয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন, ৩ গোল করে ছাড়িয়ে গিয়েছিলেন রুনিকে। নতুন মৌসুমের শুরুতেই হ্যাটট্রিক করে আরেকটি সোনার জুতার ঝিলিকই হয়তো চোখে লাগছে দ্রগবার।গত মৌসুমে লিগের সোনার জুতা জিতে দ্রগবা বলেছিলেন, ‘আমি গোল করতে চাই এবং চাই ইতিহাস গড়তে।’ আইভরিকোস্টে ইতিহাস একপ্রকার হয়েই গেছেন। তাঁকে আইভরিকোস্টের সর্বকালের সেরা ফুটবলার মেনে নিতে কারোরই আপত্তি থাকার কথা নয়। বলতে গেলে দ্রগবা একাই আইভরিকোস্টকে ২০০৬ বিশ্বকাপের মূল পর্বে নিয়ে গিয়েছিলেন। আইভরিকোস্ট তাদের দ্বিতীয় বিশ্বকাপ খেলেছে এ বছর। এবারও তাঁর হাত ধরেই বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা।তবে এই বিশ্বকাপটা ভালো কাটেনি দ্রগবার। প্রথম রাউন্ডে একটা মাত্র ম্যাচ জিতেছে তাঁর দল। তিনি নিজেও গোল করেছেন মাত্র একটি। সব মিলিয়ে একটা হতাশা নিয়েই দেশে ফিরেছিলেন। তবে বলেছিলেন, ‘সব হতাশা ভুলে আবার নতুন করে সবকিছু শুরু করতে চাই।’নতুন শুরুটা কেমন হলো সেটা তো জানাই গেল। দল বড় জয় পেয়েছে, আর তাতে বড় অবদান তাঁর। তবে এখানেই শেষ দেখছেন না দ্রগবা, ‘নিঃসন্দেহে এটা ভালো শুরু, তবে কঠিন সময়ও আছে। আমার মনে হয়, সেই কঠিন সময়টা সামনে।’ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই পার করেই এ পর্যন্ত এসেছেন। কখনো বাজে ফর্ম, কখনো চোট মুখের হাসি কেড়ে নিয়েছে। তাই কঠিন সময় এলেও তাকে ভয় পান না দ্রগবা। সবকিছুকে জয় করে এগিয়ে যেতে চান তিনি। তাই দৃপ্তকণ্ঠে বলতে পারলেন, ‘আমি এখানেই থামতে চাই না। আরও এগিয়ে যেতে চাই।’ এএফপি, ওয়েবসাইট।