এখানেই শেষ দেখছেন না মুশফিক

অ্যাঞ্জেলো ম্যাথুস ম্যাচটা শেষ করলেন ছয় মেরে। ততক্ষণে মিরপুর শেরে স্টেডিয়ামের গ্যালারি অনেকটাই নীরব-নিস্তব্ধ। দুপুর থেকে গ্যালারিতে লাল-সবুজ পতাকা দোলানো দর্শকেরা বাড়ির পথ ধরেছে বেশ আগেই। কষ্ট করে স্বাগতিক দলের এমন হার কে দেখতে চায়!
বাংলাদেশ তো ম্যাচে কখনোই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি। নিজেরা বরং চাপের কাছে মাথা নুইয়েছে। যত দ্রুত ভুলে যাওয়া যায় ততই ভালো—এমনই এক সিরিজ কাটল মুশফিকদের। প্রথম টেস্টে হার। দ্বিতীয়টি ড্র। দুটি টোয়েন্টিতে শেষ বলে হার। তিনটি ওয়ানডেতেও ভাগ্য বদলাল না। ওয়ানডেতে তো ক্যাচ ফেলা নিয়ে কথা হয়েছে বেশি। সেই ক্যাচ কালও পড়ল। তবে তা আর আগের দুই ম্যাচের মতো ম্যাচের ফলে প্রভাব রাখেনি।
কিন্তু পুরো সিরিজেই বাংলাদেশের ব্যর্থতার অনেক ছবি। জয়ের রাস্তা থেকে ছিটকে হারের বৃত্তে ঘুরপাক। আত্মবিশ্বাস নামল তলানিতে—শ্রীলঙ্কা সিরিজ সত্যিই বড় একটা লাল সংকেতই বাংলাদেশের জন্য।
অধিনায়ক মুশফিকুর রহিমও তা মানলেন। ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নে সরাসরিই তাঁর উত্তর, ‘হ্যাঁ, এটা আমাদের জন্য ওয়েকআপ কল অব্যশ্যই।’ পরক্ষণেই সিরিজের অনেকটা সময় ব্যাট হাতে নিঃসঙ্গ কান্ডারির খেদোক্তি, ‘এর চেয়ে খারাপ ফল আর হতে পারে না।’ তিন দিন পরই ভারতের বিপক্ষে এশিয়া কাপে প্রথম ম্যাচ। অধিনায়ক এমনও বললেন, ‘এভাবে খেলতে থাকলে আমাদের পক্ষে ফিরে আসা কঠিন।’
আফগানিস্তানের বিপক্ষে সংগ্রাম করতে হয় কি না, সেই দুশ্চিন্তার কথাও কিন্তু প্রকাশ করলেন মুশফিকুর! বললেন, ‘যেভাবে আমরা খেলছি, তা চলতে থাকলে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষেও আমাদের ধুঁকতে হতে পারে।’ অথচ কী আশ্চর্য, এই মুশফিকুরের নেতৃত্বেই ঘরের মাঠে আগের দুটি ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। তারপর শ্রীলঙ্কা সিরিজ কেমন কাটল তা তো আর বলার দরকার নেই। মুশফিকুর নিজেই সিরিজ ব্যবচ্ছেদ করতে গিয়ে ‘বাজে’ শব্দটাই বেছে নিলেন। তিনি অধিনায়ক বলেই পরের বাক্যে থাকল অন্ধকার কাটিয়ে আলোয় ফেরার প্রত্যয়, ‘এখানেই কিন্তু পৃথিবী শেষ নয়। আমাদের ঘুরে দাঁড়াতেই হবে।’
সেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শেষ ওয়ানডেটা হতে পারত পাথেয়। কিন্তু যে উইকেটে অন্তত ২৭০-২৮০ রান হওয়া উচিত ছিল, সেটিতে কি না বাংলাদেশ থামল ২৪০ রানে। রান যে কম হলো, মুশফিকুর সে প্রসঙ্গটা টেনে আনলেন, ‘উইকেট ভালো ছিল। টার্ন ছিল না। কাজেই ২৭০ রানের বেশি হতেই পারত। আমাদের জুটিগুলো বড় হয়নি। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
বাংলাদেশের জন্য জলজ্যান্ত শিক্ষা তো শ্রীলঙ্কা। প্রথম ওয়াডেতে ৬৭ রানে ৮ উইকেটে হারিয়েও ওই ম্যাচ অবিশ্বাস্যভাবে জিতে নিয়েছেন ম্যাথুসরা। ওই জয়টাই ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার জন্য টার্নিং পয়েন্ট। অ্যাঞ্জেলো ম্যাথুসও এর সঙ্গে একমত। ফুরফুরে শ্রীলঙ্কান অধিনায়ক সংবাদ সম্মেলনে বললেন, ‘অবশ্যই, ওই ম্যাচে ওভাবে ফিরে আসা আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে অনেক।’
তাই বলে তৃতীয় ম্যাচটা এত সহজে জিতে সিরিজ পকেটে পুরবেন, এতটা হয়তো ভাবেননি ম্যাথুস। তাঁর কথাতেই সেটি বেরিয়ে এল, ‘সত্যি কথা বলতে আজ এত সহজে জিতব তা ভাবিনি।’ পরক্ষণে তাঁর বোলার-ব্যাটসম্যানদের কৃতিত্ব দিলেন। বিশেষ করে ব্যাট হাতে সেঞ্চুরিয়ান কুশল পেরেরা এবং হাফ সেঞ্চুরি করা চান্ডিমালকে। প্রশংসা করতে ভোলেননি বাংলাদেশ দলকেও, ‘বাংলাদেশ ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলে। খুব শক্তিশালী দল ওরা, এবং ভালো খেলেছে এই সিরিজে। সাম্প্রতিক সময়ে ওরা অনেক উন্নতি করেছে। আসলে আমরা ওদের চেয়ে ভালো খেলে জিতেছি।’
এটা ম্যাথুস না বললেও দিনের আলোর মতো স্পষ্ট—বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ভালো খেলেছে। কিন্তু অতৃপ্তির জায়গাটা অন্যখানে। জয়ের অভ্যাস গড়ে বাংলাদেশের আবার সেই হারের রাস্তায় হাঁটা কিন্তু ভালো লক্ষণ নয়। মিরপুর থেকে কাল রাতে বাড়ি ফেরা হাজারো দর্শককে তো সেটিই চিন্তায় ফেলেছে!
সিরিজের সেরা ৫
ব্যাটসম্যান
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
কুমার সাঙ্গাকারা ২ ২ ১৩৬ ১২৮ ৬৮.০০ ১/০
মুশফিকুর রহিম ৩ ৩ ১৩৬ ৭৯ ৪৫.৩৩ ০/১
কুশল পেরেরা ৩ ৩ ১৩৪ ১০৬ ৪৪.৬৬ ১/০
মুমিনুল হক ৩ ৩ ১১৯ ৬০ ৩৯.৬৬ ০/১
আশান প্রিয়াঞ্জন ৩ ৩ ৮৮ ৬০ ৪৪.০০ ০/১
বোলার
ম্যাচ ওভার রান উইকেট সেরা গড়
রুবেল হোসেন ৩ ২৮.০ ১৮২ ৭ ৩/৭৬ ২৬.০০
সাচিত্রা সেনানায়েকে ৩ ২৬.০ ১১২ ৫ ২/৩৩ ২২.৪০
থিসারা পেরেরা ৩ ২৪.০ ১১৪ ৪ ২/৪০ ২৮.৫০
ধাম্মিকা প্রসাদ ১ ১০.০ ৪৯ ৩ ৩/৪৯ ১৬.৩৩
সাকিব আল হাসান ২ ১৭.০ ৭৫ ৩ ২/২৯ ২৫.০০