এখানেও টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের নিজ নিজ ভুবন একেবারেই আলাদা। লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে শচীন টেন্ডুলকারের প্রতিদ্বন্দ্বিতার কোনো কারণই নেই। তবে একটা জায়গায় ঠিকই মেসি-রোনালদোকে পেছনে ফেললেন সদ্যই ক্রিকেটকে বিদায় বলে দেওয়া টেন্ডুলকার। বিশ্বের সবচেয়ে প্রশংসিত মানুষদের তালিকায় মেসি-রোনালদোর চেয়ে ঢের এগিয়ে ভারতের ‘ক্রিকেট দেবতা’। এমনকি পাকিস্তানের ক্রিকেটার-রাজনীতিবিদ ইমরান খান, যুক্তরাষ্ট্রের সাবেক বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানও টেন্ডুলকারের পেছনে।
বিশ্বের সবচেয়ে প্রশংসিত বা ভালোবাসার মানুষদের তালিকায় টেন্ডুলকার আছেন পাঁচ নম্বরে। সেখানে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি ১৫ নম্বরে। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা রোনালদো আরও পেছনে, ২২ নম্বরে। ইমরান খান ১২, জর্ডান ২১ নম্বরে। সম্প্রতি এক জরিপের মাধ্যমে বিশ্বের সবচেয়ে প্রশংসিত মানুষদের এই তালিকাটা করেছে বিশ্বখ্যাত ইন্টারনেটভিত্তিক বাজার পর্যালোচনাকারী প্রতিষ্ঠান ইউগভ। গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, চীন, মিসর, নাইজেরিয়া ও ব্রাজিলের ১৪ হাজার মানুষের ওপর চালানো হয়েছিল এই জরিপ।
তালিকায় টেন্ডুলকারের ওপরে কেবল মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পোপ ফ্রান্সিস। বুঝতেই পারছেন তালিকায় সবার ওপরে বিল গেটস, দুইয়ে বারাক ওবামা, তিনে পুতিন, চারে পোপ ফ্রান্সিস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছয়ে। ভারতের বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি সাতে, বলিউড তারকা অমিতাভ বচ্চন নয়ে, সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম দশে। ওয়েবসাইট।