বর্তমানের একমাত্র ক্রিকেটার হিসেবে ক্রিকইনফোর সর্বকালের সেরা একাদশে জায়গা পাওয়ার পর ক্রিকেটবিশ্বে চলছে আরেক প্রস্থ শচীন টেন্ডুলকার বন্দনা। চলুন, এ বেলা জেনে নেওয়া যাক টেন্ডুলকারের আরেকটি রেকর্ডের কথা, যদিও রেকর্ডটি না হলেই বেশি খুশি হতেন লিটল মাস্টার। ওয়ানডেতে সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংসটার মতো পরাজিত দলের সবচেয়ে বড় ইনিংসটাও টেন্ডুলকারের। ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি করার মাস দুয়েক আগে রেকর্ডটির মালিক হয়েছেন টেন্ডুলকার। গত নভেম্বরে হায়দরাবাদে প্রথমে ব্যাট করে ৩৫০ রান করেছিল অস্ট্রেলিয়া। টেন্ডুলকারের ১৪১ বলে ১৭৫ রানের ইনিংসটা খুব কাছে নিলেও জেতাতে পারেনি ভারতকে, ম্যাচ হারে তারা ৩ রানে। মাসখানেক পর এর খুব কাছাকাছি গিয়েছিলেন তিলকরত্নে দিলশান। রাজকোটে ভারতের ৪১৪ রান তাড়া করতে নেমে দিলশানের ১৬০ শ্রীলঙ্কাকে নিয়ে গিয়েছিল ৪১১ পর্যন্ত। ২০০৭ সালে এই ভারতের বিপক্ষেই আদ্যন্ত ব্যাট করে ১৪৯ রান করেছিলেন শিবনারায়ণ চন্দরপল, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হেরেছিল ১৪ রানে। দিন দশেক আগে দক্ষিণ আফ্রিকার কাছে ৬৪ রানে হারা ম্যাচে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর করেছেন ১৪৫ রান।