এখানেও তাঁদের দ্বৈরথ
ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি, সঙ্গে আন্দ্রেস ইনিয়েস্তা—উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় আছে প্রত্যাশিত তিন নামই। ৩০ আগস্ট মোনাকোয় চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানের রাতে জানা যাবে এবারের বিজয়ী। ইউরোর সেরার আগের স্বীকৃতি ব্যালন ডি’অর ফিফা বর্ষসেরার সঙ্গে যুক্ত হওয়ার পর গত বছর থেকে ‘উয়েফা বেস্ট প্লেয়ার ইন দি ইউরোপ অ্যাওয়ার্ড’ চালু করেছে উয়েফা। জাভি হার্নান্দেজ ও রোনালদোকে হারিয়ে গতবার এই পুরস্কার পেয়েছিলেন মেসি।ব্যালন ডি’অরের মতো এই পুরস্কারেও সেরা নির্বাচিত করা হয় সাংবাদিকদের ভোটে। উয়েফার ৫৩ সদস্যরাষ্ট্রের নির্বাচিত একজন করে সাংবাদিক প্রথমে সেরা তিনজনের একটি তালিকা জমা দেন। তালিকার প্রথমে থাকা ফুটবলার পান ৫ পয়েন্ট, দুইয়ে থাকা খেলোয়াড় ৩ আর তিনে থাকা খেলোয়াড় পান ১ পয়েন্ট। প্রাথমিক পর্বে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া তিনজনকে রাখা হয় সংক্ষিপ্ত তালিকায়। এখান থেকে সেরার নির্বাচন হবে আরেক দফা ভোটে।৩০ আগস্ট মোনাকোর অনুষ্ঠান চলাকালেই ইলেকট্রিক ভোটিংয়ে সাংবাদিকেরা নির্বাচন করবেন সেরার ট্রফি উঠবে কার হাতে। গত বছর রানারআপ হওয়া জাভি এবার প্রাথমিক পর্বে পঞ্চম স্থানে ছিলেন ৫৭ ভোট পেয়ে। ৯০ ভোট পেয়ে চারে ছিলেন আন্দ্রেয়া পিরলো। ছয় থেকে দশে ছিলেন যথাক্রমে ইকার ক্যাসিয়াস, দিদিয়ের দ্রগবা, পিওতর চেক, ফ্যালকাও ও মেসুত ওজিল। ওয়েবসাইট।