এখানেও তাঁরা
বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন মেসি। আর্জেন্টিনা ফাইনাল খেলেছে। কিন্তু শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারায় মেসির মিশন ব্রাজিল পুরোপুরি সফল হয়নি। মেসির প্রবল প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায় গ্রুপপর্ব থেকেই। তার পরও বিশ্বকাপের সময় ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তাঁরা দুজনই। বিশ্বকাপের চলাকালে গুগলে সবচেয়ে বেশিবার ‘সার্চ’ হয়েছে এই দুই তারকার নাম। গুগল জানিয়েছে, বিশ্বকাপের সময় টুর্নামেন্ট নিয়ে ২১০ কোটির বেশি ‘সার্চ’ হয়েছে। গোলরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ টুর্নামেন্টে ১৫টি সেভ করা যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ডকে নিয়ে, এরপর গোল্ডেন গ্লাভজয়ী জার্মানির ম্যানুয়েল নয়্যার। ডিফেন্ডারদের মধ্যে ব্রাজিলের ডেভিড লুইজ ও থিয়াগো সিলভা। মিডফিল্ডারদের মধ্যে শীর্ষে ছিলেন জার্মানির স্যামি খেদিরা ও ইতালির আন্দ্রেয়া পিরলো। পিটিআই।