এখানেও তিনি টেন্ডুলকার
তাঁর ক্রিকেট ক্যারিয়ারে অপূর্ণতা বলতে যদি কিছু থেকে থাকে, সেটি ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে সেঞ্চুরি না পাওয়া। লর্ডসে চারটি টেস্ট খেলেছেন। পারফরম্যান্স মোটেও ‘টেন্ডুলকারীয়’ নয়—২১.২৮ গড়ে ১৪৯ রান! সর্বোচ্চ ইনিংস ৩৭। ২১ জুলাই লর্ডসে শুরু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে শচীন টেন্ডুলকার নিশ্চয়ই এই অপূর্ণতা ঘোচাতে চাইবেন।ঘোচাতে পারলে একটা মাইলফলকও ছুঁয়ে ফেলবেন টেন্ডুলকার। টেস্ট-ওয়ানডে মিলিয়ে তাঁর সেঞ্চুরিসংখ্যা ৯৯টি। সেঞ্চুরির সেঞ্চুরি করার জন্য দারুণ একটা মঞ্চও পেয়ে যাচ্ছেন ক্রিকেট-তীর্থে। আসন্ন লর্ডস টেস্ট ভারত-ইংল্যান্ডের শততম টেস্ট। আর ইতিহাসের ২০০০তম। নতুন একটা মাইলফলক ছোঁয়ার জন্য এর চেয়ে ভালো উপলক্ষ আর কী হতে পারে!কিন্তু টেন্ডুলকারের দাবি, এটি নিয়ে তিনি একদমই মাথা ঘামাচ্ছেন না। ‘রেকর্ড গড়ার কথা ভাবছি না আমি। আমার চিন্তায় শুধু সফরটাকে উপভোগ করা’—লন্ডনের দ্য টেলিগ্রাফকে বলেছেন তিনি।রেকর্ডের কথা ভেবে কখনো খেলেননি বলেও দাবি টেন্ডুলকারের, ‘রেকর্ডের পেছনে দৌড়ানোটা কোনো পারফরম্যান্সের চাবিকাঠি নয়। আমি বরং নিজেকে জিজ্ঞেস করি, “খেলাটাকে উপভোগ করার সেরা উপায় কী, কীভাবে আমি উপভোগের ব্যাপারটা বাড়াতে পারি?” যদি আমি উপভোগের মাত্রাটা বাড়াতে পারি, স্বাভাবিকভাবেই খেলার মানটা ভালো হবে। আর আমার কাছে এ ব্যাপারটিই বেশি গুরুত্বপূর্ণ। যদি আমি ভালো খেলি, তাহলে এমনিতেই অনেক কিছু হবে।’সেঞ্চুরির সেঞ্চুরিটাও বড় চাওয়া নয় টেন্ডুলকারের কাছে। তাঁর বড় যে চাওয়াটি ছিল, সেটি পূরণ হয়েছে গত বিশ্বকাপে। ঘরের মাঠ মুম্বাইয়ে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জয়ের মাধ্যমে, ‘এটা বিশেষ কিছু, যার স্বপ্ন সব সময়ই দেখেছি আমি। ক্রিকেট খেললে একদিন আপনি অবশ্যই বিশ্বজয়ী দলের অংশ হতে চাইবেন।’ ক্রিকেটকে ধ্যানজ্ঞান করে নেওয়ার পেছনেও যে আছে বিশ্বকাপ, ‘১৯৮৩ সালে আমরা (ভারত) বিশ্বকাপ জিতেছিলাম বলেই ক্রিকেট খেলাটাকে আন্তরিকভাবে নিয়েছিলাম। পেশা হিসেবে ক্রিকেটকে বেছে নেওয়ার পথে সেটা ছিল বড় একটা টার্নিং পয়েন্টও।’১৬ বছর বয়সে শুরু। ২২ বছরের ক্যারিয়ারে তাঁকে নিয়ে যে আলোচনা, তাঁকে ঘিরে যে ভক্তকুলের আবেগ, আর কোনো ক্রীড়াবিদেরই এই অভিজ্ঞতা হয়নি। টেন্ডুলকারের কাছে অবশ্য ব্যাপারটা আর আলাদা কিছু মনে হয় না, ‘আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। আমার বয়স ১৬, বলতে গেলে তখন থেকেই এর শুরু। এভাবেই বড় হয়েছি আমি। কাজেই এটা স্বাভাবিক একটা ব্যাপার বলেই মনে হয় আমার কাছে।’ক্যারিয়ারে অনেক অর্জন, অনেক রেকর্ড। তবে নিজের ক্যারিয়ারটাকে এসব অর্জন আর রেকর্ডেই সীমাবদ্ধ রাখতে চান না, ‘আমার কাছে রেকর্ড ভাঙা এবং নতুন রেকর্ড গড়াটাই সবকিছু নয়। দলে অবদান রাখতে পারাটাই আসল। আমি রেকর্ড গড়ব, অন্য কেউ তা ভাঙবে। সেগুলো চিরস্থায়ী নয়। কিন্তু মানুষের মধ্যে আমি যে ছাপ রেখে যাব, সেটা কোনো দিন মুছে যাবে না বলেই আমার বিশ্বাস।’ এএফপি।