এখানেও থাকলেন আকরাম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনটা ঘটতে পারত। পারত কী, ঘটে তো প্রায় গিয়েছিলই। এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দলটি দিয়ে প্রধান নির্বাচক আকরাম খান টুর্নামেন্টের দর্শক! সৌজন্য টিকিট নিয়ে খেলা দেখলেন। কিংবা টিকিটটা ছিঁড়ে কুটি কুটি করে বাসায় বসলেন টেলিভিশনের সামনে। সাকিব-তামিম-মাশরাফি-নাজমুলদের হাতে ভারত ও শ্রীলঙ্কা-বধের আনন্দ যখন সুনামির মতো ভাসিয়ে নিচ্ছে ৫৬ হাজার বর্গমাইলের ব-দ্বীপকে, তিনি ঝাপসা চোখে তাকিয়ে কী যেন খোঁজেন।কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা একটা টেলিফোন ঘটনাটিকে উল্টো দিকে ঘুরিয়ে দিল। প্রধানমন্ত্রীর স্নেহার্দ্র আদেশ ফেলতে পারলেন না। দল নির্বাচনে বোর্ড সভাপতির অযাচিত হস্তক্ষেপে রাগে-ক্ষোভে ছেড়ে আসা প্রধান নির্বাচকের পদে ফিরে গেলেন আবার। আর তারপর...। হলো ইতিহাস। অর্জনের অনেকগুলো মুক্তবিন্দুর মধ্যে যে এশিয়া কাপটা ছিল ক্রিকেটের একটা কালো গহ্বর, সেখানেই নক্ষত্রের আলো জ্বেলে বাংলাদেশ ফাইনালে। আকরাম খানের কাছে ব্যাপারটা স্বপ্নের মতো লাগে। ভীষণ গর্বের একটা অনুভূতি তাঁকে আচ্ছন্ন করে রাখে।আবার এটাও তো সত্যি। অধিনায়ক হিসেবে যিনি বাংলাদেশকে ১৯৯৪ সার্ক ক্রিকেটে ভারত-পাকিস্তানকে হারিয়ে ফাইনালে নিয়ে যান, আইসিসি ট্রফি জিতিয়ে বাংলাদেশকে টেস্ট খেলার স্বপ্নে রাঙান, দেশের প্রথম বিশ্বকাপে পাকিস্তানকে পরাভূত করার স্বপ্ন সত্যি করেন, তিনি এখানে না থেকে পারেন! তাঁকে তাই প্রয়োজন হলো চিত্রনাট্যে। তাই আকরাম আবার এশিয়া কাপে বাংলাদেশের প্রধান নির্বাচক। আবার দল নির্বাচনে বড় হাতটা তাঁরই। তিনি স্টেডিয়ামের স্ট্যান্ডে বসে মুশফিকের দলের এশিয়া কাপ অভিযানে দুর্লঙ্ঘ্য শৃঙ্গ বিজয় দেখে গর্বের হাসি হাসেন। রাস্তায় রং খেলা দেখেন। রাজধানীসহ গোটা দেশের রাতজাগা দেখেন। ২০ মার্চ রাতটা যখন ঘটল বাংলাদেশের ক্রিকেট-পঞ্জিতে, আকরাম খানের মনে পড়ল ’৯৪ সার্ক ক্রিকেট, আইসিসি ট্রফি এবং বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর কথা। তবে এই সাফল্য ওই সীমানাকে ছাড়িয়ে গেছে অনেক দূরে, ‘এশিয়া কাপের ফাইনালে ওঠা আসলেই অনেক বড় অর্জন। এখানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত আর রানার্সআপ শ্রীলঙ্কাকে হারিয়েছি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে নাড়িয়ে দিয়েছি। মনে হচ্ছে, আমরা আরেকটা পর্যায়ে পৌঁছেছি।’ গর্বে বুক ভরে যাচ্ছে আকরামের, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গন ক্রিকেট থেকেই কিছু পাচ্ছে। আর এই ক্রিকেটের অনেকগুলো অর্জনের সঙ্গেই আমি ছিলাম। এখানেও থাকলাম। সত্যিই আমি গর্বিত।’দল ফাইনালে বলে প্রধান নির্বাচক ভীষণ খুশি, তবে এখনই ভাটিয়ালি আবেগে ভেসে যাচ্ছেন না, ‘এখন শেষ লড়াই। ফাইনালে ওঠাটা যে ফ্লুক ছিল না সেটি আমরা প্রমাণ করেছি।’ ভেতর থেকেই একটা বিশ্বাস উঠে আসছে আকরামের কণ্ঠে, ‘ছেলেদের খেলা দেখে মনে হচ্ছে, ওরা নিজেদের জন্য খেলছে না, খেলছে দলের জন্য, দেশের জন্য। আল্লাহর রহমত থাকলে আমরা চ্যাম্পিয়ন হব।’আকরামের প্রার্থনা যেন সত্যি হয়!