চট্টগ্রাম টেস্টে ছড়ি ঘোরাচ্ছেন ব্যাটসম্যানরা। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেও দৃশ্যমান ব্যাটের শাসন। চার ভেন্যুতে কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি পাননি, কিন্তু ভদ্রস্থ রান পেয়েছেন প্রায় সব ব্যাটসম্যানই। ফল তিন শ ছাড়িয়েছে খুলনার প্রথম ইনিংস (৩২১/৫)। তিন শতে চোখ ঢাকা বিভাগ, ঢাকা মহানগর ও রাজশাহীরও।
এদের মধ্যে বরিশালের বিপক্ষে রাজশাহীর কাজটাই একটু কঠিন। তিন শ থেকে ৯ রান দূরে থেকে প্রথম দিনের খেলা শেষ করলেও ঘরের মাঠে রাজশাহী হারিয়ে ফেলেছে ৮ উইকেট। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করা স্বাগতিকেরা প্রথম ওভারেই হারিয়ে ফেলে জহুরুল ইসলামকে। দশম ওভারের শেষ বলে ৩৯ রানে তৃতীয় উইকেট হারানো রাজশাহী ঘুরে দাঁড়ায় পরপর তিনটি পঞ্চাশ ছাড়ানো জুটিতে। পঞ্চম উইকেটে ৯৬ রানের সবচেয়ে বড় জুটিটি গড়েন হামিদুল ইসলাম (৮৩) ও তাইজুল ইসলাম (৬৪)। প্রথম শ্রেণীর ক্রিকেটে দুজনেরই এটি ব্যক্তিগত সর্বোচ্চ রান।
বগুড়ায় আজ ১৪তম সেঞ্চুরি পেতে মাঠে নামবেন জাতীয় দলের বাইরে থাকা তুষার ইমরান। খুলনার এই ব্যাটসম্যান অপরাজিত আছেন ৮৬ রানে। রংপুরে কুয়াশায় বিলম্বে শুরু হওয়া ম্যাচে সিলেটের বিপক্ষে ৪ উইকেটে ২৫৩ করেছে ঢাকা বিভাগ। সাইট স্ক্রিন ভেঙে পড়ায় দুপুরে আবার খেলা বন্ধ থাকে প্রায় ৩৫ মিনিট।
ঢাকা মহানগর ও সিলেটের ম্যাচটি হওয়ার কথা ছিল ফতুল্লায়। কিন্তু সেটি এখন হচ্ছে বিকেএসপিতে। ১৮ রানেই ২ উইকেট হারিয়ে ফেলা মহানগর দিন শেষ করেছে ৬ উইকেটে ২৫২ রানে। সিলেটের বাঁহাতি স্পিনার নাবিল সামাদ মেহেদী হাসানকে বোল্ড করে পঞ্চম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৫০ উইকেট পেয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা-রংপুর, বগুড়া
খুলনা ১ম ইনিংস: ৯০ ওভারে ৩২১/৫ (তুষার ৮৬*, নাজমুস ৫৭, জিয়াউর ৫৪, নিজামউদ্দিন ৫১*, সৌম্য ৪৫; সোহরাওয়ার্দী ২/৭১, নাঈম ১/৩১, সাজেদুল ১/৪০, আরিফুল ১/৬১)।
ঢাকা বিভাগ-চট্টগ্রাম, রংপুর
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৭১ ওভারে ২৫৩/৪ (শুভাগত ৬৫*, মজিদ ৬১, রনি ৪২, রকিবুল ৪১, তাইবুর ৩৫; আফতাব ২/২০, আকবর ১/৫১, মেহেদী ১/৫৬)।
ঢাকা মহানগর-সিলেট, বিকেএসপি
ঢাকা মহানগর ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫২/৬ (মেহরাব জু. ৫৪, বক্কর ৪৮, তাসামুল ৪২, আসিফ ৩৪; নাবিল ৩/৯১, অলক ১/১৭, জায়েদ ১/৩৭)।
রাজশাহী-বরিশাল, রাজশাহী
রাজশাহী ১ম ইনিংস: ৮৯.২ ওভারে ২৯১/৮ (হামিদুল ৮৩, তাইজুল ৬৪, জুবায়ের ৪৮, জুনায়েদ ৪৩; কামরুল ৩/৫৪, নুরুজ্জামান ২/৪৪, রাব্বী ১/৩২, কবির ১/৩৬, মনির ১/৪৯)।