৩ উইকেট, দলের জয়, নিজে ম্যান অব দ্য ম্যাচ—সোহরাওয়ার্দী শুভর জন্য কাল ছিল স্মরণীয় একটা দিন। দিনটা আরও স্মরণীয় হতে পারত যদি নিজের শেষ ওভারটি মেডেন নিতে পারতেন। তাহলেই ছুঁয়ে ফেলতেন ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে ইনিংসে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড। শেষ ওভারে তিন রান দেওয়ায় সোহরাওয়ার্দীর বোলিং বিশ্লেষণ হয়েছে ১০-২-১৪-৩। বাংলাদেশের হয়ে ইনিংসে সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ডটি সাকিব আল হাসানের। গত বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় ১০ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। কৃপণ বোলিংয়ের দ্বিতীয় নামটাও সাকিব। ২০০৬ সালে চট্টগ্রামে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩ রান দিয়েছিলেন বাঁহাতি স্পিনার। সোহরাওয়ার্দীর মতো একবার ১০ ওভারে ১৪ রান দিয়েছিলেন আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকও। রফিকের কৃতিত্বের আরেকটা তাৎপর্য, ওই বোলিংটা তিনি করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে! ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে ১০ ওভারে ১৫ রান দিয়েছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ।