এখানেও সেই রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট-ওয়ানডে বা টি-টোয়েন্টি, যে কোনো সংস্করণেই ভারত-পাকিস্তান মহারণ ছড়ায় অন্যমাত্রার উত্তাপ-উত্তেজনা
টেস্ট-ওয়ানডে বা টি-টোয়েন্টি, যে কোনো সংস্করণেই ভারত-পাকিস্তান মহারণ ছড়ায় অন্যমাত্রার উত্তাপ-উত্তেজনা

১৯ দিনের ব্যবধানে আবারও মিরপুরে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বও শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের এই ধ্রুপদি লড়াই দিয়ে। সংস্করণ ভিন্ন হলেও পাকিস্তান মাঠে নামবে এশিয়া কাপে দুর্দান্ত সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই। অন্যদিকে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে একটা ম্যাচও না হারার অনুপ্রেরণাই সঙ্গী হবে ভারতের। এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে ভারত, নাকি বিশ্বকাপ গেরো খুলতে পারবে পাকিস্তান? মাঠের লড়াই শেষেই জানা যাবে এই প্রশ্নের উত্তর। আপাতত ঘুরে আসা যাক ইতিহাসের পাতা থেকে।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। একটি ম্যাচ বাদে সবগুলোই ছিল টানটান উত্তেজনায় পরিপূর্ণ। ভারত জয় পেয়েছিল চারটিতে। একটি ম্যাচেই শুধু জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। আসুন, দেখে নেওয়া যাক টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তানের সেই মহারণগুলো।
১৪ সেপ্টেম্বর, ২০০৭
ভারত-পাকিস্তানের মহারণ যে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নতুন মাত্রা পাবে, সেটার ইঙ্গিত পাওয়া গিয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম মুখোমুখি লড়াইয়েই। সেটি ছিল ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম ম্যাচ। টসে হেরে ব্যাট করতে নেমে ভারত পড়েছিল মোহাম্মদ আসিফের তোপের মুখে। প্রথম সাত ওভারের মধ্যেই ভারতের চারটি উইকেট তুলে নিয়েছিলেন এই ডানহাতি পেসার। ভারতের সংগ্রহ তখন মাত্র ৩৬ রান। ভয়াবহ ব্যাটিং বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেছিলেন রবিন উথাপ্পা। ৩৯ বলে ৫০ রানের ইনিংস খেলে ভারতকে লড়াইয়ের শক্তি জুগিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ পর্যায়ে মহেন্দ্র সিং ধোনির ৩৩ ও ইরফান পাঠানের ২০ রানের ইনিংস দুটির সুবাদে স্কোরবোর্ডে ১৪১ রান জমা করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে অসাধারণ লড়াকু ব্যাটিং করেছিলেন মিসবাহ-উল হক। ৬ নম্বরে ব্যাট করতে নেমে খেলেছিলেন ৩৫ বলে ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১২ রান। দুটি চার মেরে প্রথম চার বলেই ১১ রান তুলে ফেলেছিলেন মিসবাহ। কিন্তু শেষ দুই বলে আর একটি রান নিতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ বলে জয়সূচক রানটি নিতে গিয়ে হয়ে যান রানআউট। ম্যাচ টাই। শেষ পর্যন্ত চরম উত্তেজনাপূর্ণ ম্যাচটি ভারত জিতে যায় বোলআউটের মাধ্যমে। এটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ধোনির প্রথম জয়।

২৪ সেপ্টেম্বর, ২০০৭

২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই ১০ দিনের ব্যবধানে আবারও মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেটি ছিল শিরোপা জয়ের অন্তিম লড়াই। প্রতিশোধস্পৃহায় টগবগ করছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু আরও একবার ভগ্নহূদয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজদের। এই ম্যাচেও শুরুতে ব্যাট করেছিল ভারত। ওপেনার গৌতম গম্ভীরের ৫৪ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদে ভারত পেয়েছিল শক্ত ভিত্তি। আর শেষ পর্যায়ে রোহিত শর্মার ১৬ বলে ৩০ রানের ইনিংসটির সুবাদে ভারতের স্কোরবোর্ডে জমা হয়েছিল ১৫৭ রান।

এই ম্যাচেও পাকিস্তানের আশা-ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন মিসবাহ। একের পর এক উইকেট পতনের মধ্যেও দারুণভাবে লড়াই চালিয়ে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৭তম ওভারে হরভজন সিংয়ের এক ওভারে তিনটি ছয় মেরে বল-রানের ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছিলেন। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। উইকেটে ছিলেন পাকিস্তানের শেষ দুই ব্যাটসম্যান মিসবাহ ও আসিফ। দ্বিতীয় বলেই আরও একটি ছয় মেরে পাকিস্তান সমর্থকদের হূদকম্পন বাড়িয়ে দিয়েছিলেন মিসবাহ। শেষ চার বলে দরকার মাত্র ছয় রান। টি-টোয়েন্টিতে এটাকে অনায়াস লক্ষ্যই বলা যেতে পারে। কিন্তু তৃতীয় বলটিতেই স্কুপ শট খেলতে গিয়ে শ্রীশান্তের হাতে ধরা পড়েন মিসবাহ। তিন বল বাকি থাকতেই গুটিয়ে যায় পাকিস্তান। ৫ রানের জয় নিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে ভারত।

৩০ সেপ্টেম্বর, ২০১২

টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তানের তৃতীয় মহারণটিও ছিল বিশ্বকাপে। ২০১২ সালে শ্রীলঙ্কায়। এ ম্যাচটিতেই শুধু দেখা যায়নি কোনো উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। প্রায় একতরফাভাবেই জিতে গিয়েছিল ভারত। টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ১২৮ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রানের ইনিংসটি খেলেছিলেন শোয়েব মালিক। ১২৯ রানের লক্ষ্যে ভারত পৌঁছেছিল তিন ওভার বাকি থাকতেই। মাত্র দুটি উইকেট হারিয়ে। ৬১ বলে ৭৮ রানের ইনিংস খেলে পাকিস্তানকে প্রায় একাই হারিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। এর আগে বল হাতে পাকিস্তানের সর্বনাশ করেছিলেন বালাজি, অশ্বিন ও যুবরাজ সিং। ২২ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছিলেন বালাজি। অশ্বিন ও যুবরাজ নিয়েছিলেন দুটি করে উইকেট।

২৫ ডিসেম্বর, ২০১২

টি-টোয়েন্টিতে চতুর্থবারের মুখোমুখি লড়াইয়ে প্রথম জয়ের স্বাদ পায় পাকিস্তান। ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছিল পাঁচ উইকেটে। জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্য পাকিস্তান ছুঁয়েছিল অধিনায়ক হাফিজ ও শোয়েব মালিকের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে। ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন হাফিজ। ৫৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মালিক। হারের মুখ দেখতে হলেও ম্যাচটা স্মরণীয় হয়ে আছে ভুবনেশ্বর কুমারের জন্য। চার ওভার বল করে মাত্র ৯ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছিলেন এই ভারতীয় পেসার। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এটাই তাঁর ক্যারিয়ারসেরা বোলিং।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল ভারত। উদ্বোধনী জুটিতেই ৭৭ রান যোগ করেছিলেন আজিনকা রেহানে (৪২) ও গৌতম গম্ভীর (৪৩)। কিন্তু এরপর যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। উমর গুল ও সাঈদ আজমলের দুর্দান্ত বোলিংয়ে শেষ নয় ওভারে মাত্র ৫৩ রান যোগ করতে পেরেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। ২১ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছিলেন গুল। দুটি উইকেট গিয়েছিল আজমলের ঝুলিতে।

২৮ ডিসেম্বর, ২০১২

এই হারের প্রতিশোধ নেওয়ার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি ভারতকে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত পেয়েছিল ১১ রানের জয়। ম্যাচটা নিশ্চিতভাবেই স্মরণীয় হয়ে থাকবে যুবরাজ সিংয়ের দানবীয় ব্যাটিংয়ের জন্য। সাতটি ছয় ও চারটি চার মেরে মাত্র ৩৬ বলে ৭২ রান করেছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। ভারতের স্কোরবোর্ডে জমা হয়েছিল ১৯২ রান। জবাবে ব্যাট করতে নেমে বেশ ভালো লড়াই চালিয়েছিলেন পাকিস্তানি ব্যাটসম্যানরাও। প্রথম তিন ব্যাটসম্যান নাসির জামশেদ (৪১), আহমেদ শেহজাদ (৩১) ও উমর আকমল (২৪) জয়ের আশাই জাগিয়েছিলেন পাকিস্তান শিবিরে। অধিনায়ক হাফিজও ২৬ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংসটি খেলে চলে গিয়েছিলেন জয়ের দোরগোরায়। কিন্তু ১৯তম ওভারের দ্বিতীয় বলে হাফিজ আউট হয়ে যাওয়ার পর ১১ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে।