এখানেও স্পেন
জাতীয় দলের মতো বয়সভিত্তিক ফুটবলেও স্পেনের আধিপত্য চলছে। জাতীয় দলের ইউরো জয়ের উৎসবের রেশ না কাটতেই দেশবাসীকে আরেকটি শিরোপার আনন্দে ভাসাল স্পেনের অনূর্ধ্ব-১৯ দল। গ্রিসের অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে তারা ঘরে তুলল অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ শিরোপা। পরশু এস্তোনিয়ার ফাইনালে স্পেনের যুবারা জিতেছেন হোসে রদ্রিগেজের শেষ সময়ের একমাত্র গোলে। টুর্নামেন্টে এটা ছিল স্প্যানিয়ার্ডদের টানা তৃতীয় ফাইনাল। তবে শিরোপা ধরে রাখার পথে ক্যাসিয়াস-জাভি-ইনিয়েস্তাদের উত্তরসূরিদের বেগ পেতে হয়েছে। গ্রিকদের রক্ষণাত্মক খেলা তো ছিলই। তার ওপর বৃষ্টিতে তাল্লিনের মাঠ ছিল ভেজা ও পিচ্ছিল। ফলে স্প্যানিশ যুবারা ‘টিকি-টাকা’র ঢেউ তুললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলেন না। অবশেষে খেলা শেষের দুই মিনিট আগে গ্রিসের গোলরক্ষক সক্রেতিস দিওদিসকে পরাস্ত করেন রদ্রিগেজ। ছবিতে চ্যাম্পিয়ন স্পেনের যুবদল এএফপি