এখেনা কষ্ট পান মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাটা শুনতে শুনতে মেসি নিজেও হয়তো ক্লান্ত হয়ে গেছেন এত দিনে। তিনি শুধু বার্সেলোনার হয়েই পারেন, আর্জেন্টিনার হয়ে পারেন না। সমালোচকদের মধ্যে যাঁরা একটু বেশি আগ্রাসী, তাঁরা আরেকটু বাড়িয়ে বলেন। দেশের হয়ে নাকি মেসি শতভাগ উজাড় করে খেলেনই না! পেশাদারি দেখিয়ে সব সমালোচনা সয়ে গেলেও ভেতরে ভেতরে যে এ কথাগুলো খুব যন্ত্রণা দেয়, সেটা বোঝা গেল এবার। স্প্যানিশ দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন জাদুকর জানালেন, দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললে খুবই কষ্ট পান তিনি।
আর্জেন্টিনার জার্সি গায়ে এ পর্যন্ত ৮৩ ম্যাচ খেলেছেন মেসি, ছিলেন আগের দুটি বিশ্বকাপেও। কিন্তু বার্সেলোনার পারফরম্যান্সের তুলনায় জাতীয় দলের জার্সি গায়ে নিজেকে আসলেই সেভাবে মেলে ধরতে পারেননি। তবে এর জন্য দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলাটা অন্যায় বলেই মনে করেন মেসি, ‘আমি অনেক মন্তব্য শুনেছি। জাতীয় দলের হয়ে খেলতে আমি খুব বেিশ আগ্রহী নই, যে কারণে আমি জাতীয় সংগীত গাই না, দেশের জার্সির জন্য আমার কোনো অনুভূতি নেই—এমন অনেক মন্তব্যে আমি খুব কষ্ট পেয়েছি। অনেকেই আমাকে অন্যায়ভাবে আক্রমণ করেছেন।’
এমনকি বার্সেলোনা ক্যারিয়ার শুরুর প্রথম দিকেই স্পেনের হয়ে খেলার প্রস্তাব পেলেও শুধু হৃদয়ের টানেই আর্জেন্টিনাকেই বেছে নিয়েছেন বলে জানান মেসি, ‘আর্জেন্টিনা আমার দেশ, আমার পরিবার, নিজেকে উপস্থাপনের পথ। আমি আমার সব রেকর্ডের বিনিময়ে হলেও আমি দেশের মানুষকে খুশি করতে চাই। স্পেনের হয়ে খেলার প্রস্তাব পাওয়ার পরও আমি আর্জেন্টিনাকে বেছে নিয়েছি কারণ, আমি আমার দেশকে ভালোবাসি। আমি শুধু আর্জেন্টাইন জার্সির রংটাই নিজের মধ্যে অনুভব করি।’
ভবিষ্যতেও দেশের জন্য কখনো নিজেকে উজাড় করে দিতে কার্পণ্য করবেন না বলে আর্জেন্টাইন সমর্থকদের আশ্বস্ত করেছেন মেসি, ‘দলের প্রয়োজনে সব সময়ই আমাকে পাওয়া যাবে। কিছু খারাপ সময় ছাড়া বাকি সবকিছুর জন্যই আমি জাতীয় দলের কাছে কৃতজ্ঞ।’ ওয়েবসাইট।