এগিয়ে গেল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর মাইকেল ক্লার্ক। কাল ওল্ড ট্রাফোর্ডে । রয়টার্স
সেঞ্চুরির পর মাইকেল ক্লার্ক। কাল ওল্ড ট্রাফোর্ডে । রয়টার্স

চূড়া থেকে পতন বুঝি একেই বলে! স্কটল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে রেকর্ড গড়া মার্শ-ফিঞ্চ জুটি কাল থমকে গেল চলার আগেই! সেই ম্যাচে দেড় শ করা শন মার্শ আউট প্রথম ওভারেই। যদিও তাতে খুব একটা সমস্যা হয়নি দলের। মাইকেল ক্লার্কের সেঞ্চুরিতে বরং ঠিকই একটি চূড়ায় উঠেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে করেছে ইংলিশদের বিপক্ষে সর্বোচ্চ ৩১৫। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথম সেঞ্চুরির পর ক্লার্ক পেয়েছেন বড় জয়ও। ইংল্যান্ডকে ২২৭ রানে অলআউট করে অস্ট্রেলিয়া জিতেছে ৮৮ রানে। বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ওয়ানডের পর এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ক্লার্করা এগিয়ে গেছেন ১-০তে।প্রথম ওভারে মার্শ ফিরে যাওয়ার পরের বলেই ওয়াটসনকে এলবিডব্লু দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান ওয়াটসন। দ্বিতীয় উইকেটে অ্যারন ফিঞ্চের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে ইংলিশ বোলারদের নাকাল করেছেন ক্লার্ক ও জর্জ বেইলি। চতুর্থ উইকেটে ১৩০ বলে ১৫৫ রানের জুটি গড়েন দুজন। ৬০ বলে ফিফটি ছোঁয়া ক্লার্ক পরের ফিফটি করেছেন মাত্র ৩৪ বলে। পাঁচটি চার ও চারটি ছক্কায় ৬৭ বলে ৮২ করেছেন বেইলি। ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর—অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩১৫/৭ (ক্লার্ক ১০৫, বেইলি ৮২, ফিঞ্চ ৪৫, ওয়াটসন ৩৮; র‌্যাঙ্কিন ২/৪৯, বোপারা ২/৫৭, ফিন ২/৬৮)। ইংল্যান্ড: ৪৪.২ ওভারে ২২৭ (বাটলার ৭৫, পিটারসেন ৬০, মরগান ৫৪; ম্যাকাই ৩/৪৭, জনসন ২/৩৬)।
ফল: অস্ট্রেলিয়া ৮৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাইকেল ক্লার্ক।