এগিয়ে গেল পাকিস্তান

বৃষ্টির বাধায় খেলা শুরু হলো নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটা চলল কোনো ঝামেলা ছাড়াই। তবে পাকিস্তানের ইনিংস চলার সময় আবারও বাগড়া দিল বৃষ্টি। আর সেটাই যেন ‘আশীর্বাদ’ হয়ে দেখা দিল মিসবাহ-উল-হকদের। বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ওয়ানডেতে ৬ উইকেটে জিতে সিরিজে ২-১-এ এগিয়ে গেল পাকিস্তান। সেন্ট লুসিয়ায় গত রাতে খেলা দেরিতে শুরু হওয়ায় তা নামিয়ে আনা হয় ৪৯ ওভারে। মারলন স্যামুয়েলসের অপরাজিত সেঞ্চুরিতে (১০৬) ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ২৬১ রান। জবাবে পাকিস্তান দলের শুরুটা হয় খুব ধীরগতির। ১৭ ওভার শেষে বৃষ্টি কারণে খেলা বন্ধ হওয়ার সময় সফরকারীদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৬৮ রান। ওভারপ্রতি সংগ্রহ ৪ রান। এ পর্যায়ে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকল প্রায় দেড় ঘণ্টা। খেলা কমিয়ে আনা হয় ৩১ ওভারে। বৃষ্টি আইনে বাকি ১৪ ওভারে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১২১ রান। এর মানে, আগের চেয়ে রান তুলতে হবে দ্বিগুণেরও বেশি গতিতে। তবে প্রকৃতির আশীর্বাদে কঠিন লক্ষ্যটাও ধরা দিল সহজে, ছয় উইকেট আর ছয় বল হাতে থাকতে। মোহাম্মদ হাফিজ করলেন ৫৯ রান। দলকে জয়ের বন্দরে নিয়ে অধিনায়ক মিসবাহ অপরাজিত থাকেন ৫৩ রানে। ১৮ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন উমর আকমল।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২৬১/৭ (৪৯ ওভার)
স্যামুয়েলস ১০৬, সিমন্স ৪৬, চার্লস ৩২, গেইল ৩০
পাকিস্তান: ১৮৯/৪ (৩০ ওভার)
হাফিজ ৫৯, মিসবাহ ৫৩*, উমর আকমল ২৯*
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মারলন স্যামুয়েলস