এগিয়ে চলছেন মারে

রাফায়েল নাদাল, বিদায়! রজার ফেদেরার, বিদায়! চোটে পড়ে এবারের উইম্বলডনটাকে আগেভাগেই বিদায় বলেছেন জো-উইলফ্রায়েড সোঙ্গাও। ড্রয়ের পর পুরুষ এককের যে অর্ধটা টেনিস-বিশ্বের আলোচনার খোরাক, তারকাখচিত সেই কঠিন অর্ধটাই এখন ভাঙা হাট। তারকা পতনের মচ্ছবে এখনো টিকে আছেন শুধু অ্যান্ডি মারে। ফেদেরারদের বিদায়ে কি কাজটা সহজ হয়ে গেল না মারের? ফ্রেড পেরির পর প্রথম ব্রিটিশ পুরুষ হিসেবে উইম্বলডন জয়টা কি এবারই হয়ে যাবে?পরশু স্পেনের টমি রবরেডোকে ৬-২, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই মারে। এই ব্রিটন এগোচ্ছেন মসৃণ গতিতেই, এখনো হারেননি কোনো সেট। কিন্তু চাপটা যে ক্রমেই ফুলেফেঁপে ঢাউস হচ্ছে। পুরো ব্রিটেনই তাকিয়ে আছে মারের দিকে। আর আগেই থেকেই তো কাঁধে চাপানো ৭৭ বছরের ইতিহাসের জোয়াল। গত বছর ‘এত কাছে তবু এত দূর’ প্রবাদটিকে উপলব্ধি করেছেন ফাইনালে ফেদেরারের কাছে হেরে। এরপর এই অল-ইংল্যান্ড ক্লাবেই লন্ডন অলিম্পিকের এককের সোনা জিতে যেন একটা গেরো খুলে ফেলেন। পরে ফ্ল্যাশিং মিডোতে জিতলেন বহু আরাধ্য প্রথম গ্র্যান্ড স্লামটা। এই সাফল্য আর ফেদেরার-নাদালের বিদায় এই দুইয়ে মিলে চাপটা বেড়েছে বই কমেনি।পরশু মারে স্বীকারও করে নিলেন সেটা, ‘ড্রয়ের কারণেই লোকজন এখন আমার ওপর চাপটা আরও বাড়িয়ে দিচ্ছে। তবে আমি চেষ্টা করছি মনোযোগ ধরে রাখতে, আর ব্যাপারটা নিয়ে বেশি না ভাবতে। এখনো কিন্তু অনেক কঠিন খেলোয়াড় টিকে আছে।’ চতুর্থ রাউন্ডেই মারের অপেক্ষায় কঠিন এক প্রতিপক্ষ—রাশিয়ার মিখাইল ইয়ুঝনি।ব্রিটিশ স্বপ্ন বেঁচে আছে মেয়েদের এককেও। কাল নিউজিল্যান্ডের মারিনা এরাকোভিচকে ১-৬, ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন লরা রবসন। চতুর্থ রাউন্ডে উঠেছেন ২০১১ সালের চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা, বর্তমান রানারআপ আগ্নিয়েস্কা রাদভানস্কা ও লি নাও। কাল নিশ্চিত হয়েছে পুরুষ এককে র্যাঙ্কিংয়ের শীর্ষ শতকের বাইরে থাকা একজনের কোয়ার্টার ফাইনাল খেলা। শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছেন বিশ্বের ১৩১ নম্বর খেলোয়াড় পোল্যান্ডের উকাশ কুবোত ও ১১১ নম্বর ফ্রান্সের আদ্রিয়ান মানারিনো। এএফপি।