এগিয়ে গিয়েও হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারের গল্প পাল্টে জয়ের গল্পই রচিত হচ্ছে—অন্তত কালকের দিনটাকে এভাবেই কল্পনায় এনেছিল অনেকে। কিন্তু তা আর হলো না। ক্রিকেট মাঠে মেয়েদের কাছে জাপান হারলেও হকি মাঠে পিছিয়ে পড়েও বাংলাদেশের বিপক্ষে জয় তুলেছে ৩-১ গোলে। জাপানের কাছে পরাজয় ধরে নিয়েই এশিয়ান গেমসে প্রথম ম্যাচটা খেলতে নেমেছিল বাংলাদেশ হকি দল। ৯ মিনিটে কৃষ্ণ কুমারের গোল! সম্মিলিত আক্রমণ থেকে জাপানের পোস্টে বল পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশ স্ট্রাইকার। বাংলাদেশ শিবির তখন নড়েচড়ে বসেছে। ক্রিকেটের পর হকিতেও জাপানের হার—কেউ কেউ দিনটাকে ‘জাপান-বধ’ দিবস হিসেবেও ভাবতে শুরু করেছে!বাকি সময়টা জাপানের মতো শক্তিশালী দলকে ঠেকিয়ে রাখা যাবে না—এটাও মনে ছিল বাংলাদেশ দলের সবার। তা-ই হয়েছে শেষ পর্যন্ত। ৪৭, ৫৬ ও ৬৯ মিনিটে বাংলাদেশের পোস্টে ৩ গোল জাপানের। প্রথম দুটি পেনাল্টি কর্নার থেকে। ২-১ হওয়া পেনাল্টি কর্নারটি মালয়েশিয়ান আম্পায়ার না দিলেও পারতেন। এ নিয়ে মৃদু আপত্তি উঠেছিল মাঠে। তাতে জাপানের কী, পেনাল্টি কর্নারের ফসল ঘরে তুলে কাঙ্ক্ষিত জয়টা তো তারা পেল। এই জয়ের পথে বাধা ছিলেন বাংলাদেশ দলের গোলরক্ষক জাহিদ হোসেন। বাংলাদেশ ১-০ করার পর জাপানের আক্রমণের স্রোতটা এতই তীব্র ছিল যে, ৫ মিনিটে তিনটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন জাহিদ। গোটা প্রথমার্ধই মাঠে সবচেয়ে ব্যস্ত খেলোয়াড়ের নাম জাহিদ। দ্বিতীয়ার্ধেও তাই। ৩ গোল খেলেও অসাধারণ গোলকিপিং করেছেন বাংলাদেশ অধিনায়ক। প্রথমবারের মতো অধিনায়কের বাহুবন্ধনী পরাটাই যেন জাহিদের কাছে বড় অনুপ্রেরণা। ‘মূলত অভিজ্ঞতার অভাবে আমরা হেরে গেলাম। ইসা-মুসার মতো অভিজ্ঞ খেলোয়াড়েরা থাকলে হয়তো আমরা এগিয়ে থাকাটা ধরে রাখতে পারতাম’—ম্যাচের পর আক্ষেপ ঝরল জাহিদের কণ্ঠে।একসময় হকি মাঠে জাপানকে হারাত বাংলাদেশ। সেই জাপান অনেক এগিয়ে গেছে, তাও আট-দশ বছর আগের কথা। এখন তো এই দলটির গতিময় হকি বাংলাদেশকে সারাক্ষণই ব্যতিব্যস্ত রাখে রক্ষণভাগে। বাংলাদেশ দল রক্ষণকাজই সামলে গেল। প্রতি-আক্রমণে যাওয়ার সুযোগ তেমন আসেনি তাদের সামনে।আক্রমণে যাঁর থাকার কথা, সেই রাসেল মাহমুদ (জিমি) রক্ষণে খেললেন। মামুনুল ইসলাম (চয়ন) আর রাসেল মাহমুদ মিলে প্রাণপণ চেষ্টা করেছেন জাপানকে ঠেকিয়ে রাখতে। তা রাখতে না পারায় তো ম্যাচের পর চওড়া হাসি জাপানি শিবিরে। এশিয়াডে এটি বাংলাদেশের ৩৫তম ম্যাচ। ৯ জয়, ২ ড্রয়ের বিপরীতে হারের সংখ্যা বেড়ে হলো ২৪।তবে এগিয়ে থেকে হারটা আক্ষেপ বাড়িয়ে দেয়।