এগিয়ে গিয়েও হারল শেখ জামাল
আইএফএ শিল্ডে অন্যতম ফেবারিটের স্বীকৃতি নিয়ে কলকাতায় পা রেখেছে শেখ জামাল ধানমন্ডি। কিন্তু প্রথম ম্যাচে কাল কলকাতা মোহামেডানের বিপক্ষে এগিয়ে গিয়েও হেরে বসেছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। কলকাতার ফুটবলে ক্ষয়িষ্ণু শক্তির স্থানীয় মোহামেডানের কাছে হারটা তাদের ২-১ গোলে!
যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের ৪০ মিনিটে দূরপাল্লার শটে শেখ জামালকে এগিয়ে নেন সনি নর্দে। কলকাতায় ফোন করে জানা গেল, পিছিয়ে পড়ে তেড়েফুঁড়ে আক্রমণে ওঠে কলকাতা মোহামেডান। পেনাল্টিও পায়। কিন্তু বীরের মতো ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোসিমারের শট আটকে দেন জামালের গোলরক্ষক জিয়া।
শেষ রক্ষা অবশ্য করতে পারেননি পেনাল্টির ‘নায়ক’। ৫৮ মিনিটে কর্নার থেকে ব্যাকভলিতে সমতা ফেরান অসীম বিশ্বাস। ৮৬ মিনিটে পেনাল্টি মিস করা জোসিমারই করেন জয়সূচক গোল।
পরশু সিকিম ইউনাইটেডের বিপক্ষে শেখ জামালের দ্বিতীয় ম্যাচ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় ছাড়া উপায় নেই ঢাকার দলটির। শেষ গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ কলকাতা মোহামেডানের চেয়ে অনেক শক্তিশালী মোহনবাগান। জামালের জন্য সেমিতে ওঠা কঠিনই হয়ে গেল অনেক।