ম্যাচ শুরু হতেই তুমুল বৃষ্টি। পাঁচ মিনিট কোনোরকম খেলা চলল। কিন্তু একপর্যায়ে খেলা বন্ধ রাখতেই বাধ্য হলেন রেফারি বিয়র্ন কুইপার্স। বৃষ্টিতে তখন ইউক্রেন সমর্থকদের মুখে আঁকা পতাকার নীল-হলুদ রং মুছে একাকার। ফ্রান্সের কাছে ২-০ গোলের হারে কাঁদল স্বাগতিকেরা, আরেকবার মুছল আলপনা।বজ্রপাত আর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়া খেলা শুরু হলো প্রায় ৫৫ মিনিট পর। শুরু থেকেই আক্রমণে যাওয়া ইউক্রেন অবশ্য দ্বিতীয়ার্ধে রইল বেশ নিষ্প্রভ। তিন মিনিটে দু-দুটো গোল হজম করে খেলায় ফিরতেই পারল না শেভচেঙ্কোরা। গোলশূন্য প্রথমার্ধের পর আক্রমণের ধারাটা দ্বিতীয়ার্ধের শুরুতেও ধরেই রেখেছিল ইউক্রেন। কিন্তু পাল্টা-আক্রমণ থেকে হজম করে বসে প্রথম গোল। ৫৩ মিনিটে ফ্রান্সকে আনন্দে ভাসান মেনেজ। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন কাবাই। দুটি গোলেরই উৎস বেনজেমা। এই জয়ে ‘ডি’ গ্রুপ থেকে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এক পা দিয়ে রাখল কোয়ার্টার ফাইনালে। ফ্রান্স যে এবারের ইউরোর অন্যতম দাবিদার, সেটা ভালোমতোই দেখাল এই ম্যাচে। সর্বশেষ বড় দুই প্রতিযোগিতায় (২০০৮ ইউরো ও ২০১০ বিশ্বকাপ) কোনো জয়ই ছিল না, এই জয়ের মাহাত্ম্যটা তাই একটু অন্য রকমই ফরাসিদের কাছে। কোনো টুর্নামেন্টে সর্বশেষ জিতেছিল ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালে, পর্তুগালের বিপক্ষে। ওয়েবসাইট।