এগিয়ে গেল বার্সা-পিএসজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই আর্জেন্টাইন পরশু রাতে ইতিহাদে ছিলেন পরস্পরের প্রতিপক্ষ। লিওনেল মেসির ‘রকেট’ গতি থামাতে না পেরে ফাউল করলেন মার্টিন ডেমিচেলিস। পড়ে গেলেন মেসি, ফলাফল পেনাল্টি। এই মুহূর্তটা নিয়েই বিতর্ক ম্যাচের পরেও । এএফপি
দুই আর্জেন্টাইন পরশু রাতে ইতিহাদে ছিলেন পরস্পরের প্রতিপক্ষ। লিওনেল মেসির ‘রকেট’ গতি থামাতে না পেরে ফাউল করলেন মার্টিন ডেমিচেলিস। পড়ে গেলেন মেসি, ফলাফল পেনাল্টি। এই মুহূর্তটা নিয়েই বিতর্ক ম্যাচের পরেও । এএফপি

এক নজরে
ম্যান সিটি ০: ২ বার্সেলোনা
লেভারকুসেন ০: ৪ পিএসজি
* স্বাগতিক দল প্রথমে
ম্যানুয়েল পেলেগ্রিনির কথা শুনে মনে হবে সুইডিশরা বুঝি ফুটবলই বোঝে না! ম্যানচেস্টার সিটি-বার্সেলোনার মতো বড় ম্যাচে কেন সুইডেনের একজন রেফারি নিয়োগ পেলেন, এটা নিয়েই তাঁর যত ক্ষোভ। ম্যাচ শেষে সরাসরিই বললেন, ‘ইউরোপে তো সুইডেন ছাড়াও আরও ফুটবলের দেশ আছে যারা বেশি গুরুত্বপূর্ণ।’

ইব্রাহিমোভিচ: চ্যাম্পিয়নস লিগে এবার ১০ গোল নিয়ে সবার ওপরে । এএফপি
ইব্রাহিমোভিচ: চ্যাম্পিয়নস লিগে এবার ১০ গোল নিয়ে সবার ওপরে । এএফপি

হঠাৎ করে পেলেগ্রিনির এই ‘সুইডেন-বিদ্বেষের’ কারণ বুঝতে পারছেন না তো? ইতিহাদ স্টেডিয়ামে পরশু চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে সুইডিশ রেফারি জোনাস এরিকসন একটা পেনাল্টি দিয়েছেন তাঁর দলের বিপক্ষে। ৫৪ মিনিটে লিওনেল মেসিকে ফাউল করেছিলেন মার্টিন ডেমিচেলিস, সেটির যথার্থ শাস্তি পেনাল্টি কি না তা নিয়ে কিছুটা বিতর্ক আছে হয়তো। ডেমিচেলিস ওই ফাউলের মাশুল হিসেবে লাল কার্ড দেখেছেন। ওই পেনাল্টি থেকেই মেসির গোল আর শেষ মুহূর্তে দানি আলভেসের গোলে বার্সেলোনা ম্যাচটি জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। সুতরাং সুইডিশ রেফারির সিদ্ধান্তে খেলার মোড় ঘুরে গেছে ভেবেই তাঁর ওপর ঝাল ঝাড়লেন সিটি কোচ, ‘শুরু থেকেই আমি বুঝতে পারছিলাম যে রেফারি নিরপেক্ষ নন। ডেমিচেলিসের যে ফাউলে পেনাল্টি দেওয়া হয়েছে সেটা হয় না। কারণ ফাউলটা বক্সের বাইরে ছিল।’ আসলে ফাউলটা বক্সের সামান্য বাইরে হলেও বল নিয়ে মেসি ‘রকেট গতি’তেই এগোচ্ছিলেন বলে ট্যাকলের পর তিনি পড়েছেন বক্সের মধ্যে। তবে ওই ব্যাপারটা এড়িয়ে গিয়ে সিটি কোচ তুললেন অন্য অভিযোগ, ‘এই রেফারিই গ্রুপ পর্বে মিলানের সঙ্গে ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ভুল সিদ্ধান্ত দিয়েছিল। আজ (পরশু) তিনি সেটাই পুষিয়ে দিয়েছেন।’ সিটির পক্ষে যেতে পারত বার্সেলোনার এমন একটা ফাউলও রেফারি এড়িয়ে গেছেন বলে অভিযোগ পেলেগ্রিনির, ‘ওই পেনাল্টির আগে হেসুস নাভাসকে একটা ফাউল করা হয়েছিল। তাঁর (রেফারি) সেটা না দেখার কথা নয়, তিনি তখন মাত্র তিন মিটার দূরে ছিলেন।’
ম্যানচেস্টারে এক সুইডিশকে নিয়ে যখন এ রকম বিতর্ক চলছে, লেভারকুসেনের বে অ্যারেনায় তখন এক সুইডিশই সবচেয়ে আলোকিত মানুষ। জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে জোড়া গোল করেছেন পিএসজির সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। নিজের মাঠে ফরাসি ক্লাবের কাছে এমন নাস্তানাবুদ হওয়া লেভারকুসেনের এবারের চ্যাম্পিয়নস লিগের পথচলাও হয়তো তাই শেষ হচ্ছে শেষ ষোলোতেই। ১২ মার্চ প্যারিসে ফিরতি লেগে প্রতিপক্ষকে যে বিশাল ব্যবধানে হারাতে হবে সেটা দূরাশা ছাড়া আর কী?
কিছুটা কঠিন হবে একই দিন ন্যু ক্যাম্পে ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির ঘুরে দাঁড়ানোটাও। তবে এখনই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে বলে মানতে নারাজ বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো, ‘আমি অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। তবে এটা সত্যি যে আমরা খুব ভালো একটা অ্যাওয়ে ম্যাচ খেলেছি। এখন নিজের মাঠেও এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে হবে।’
এখনই কোয়ার্টার ফাইনাল নিয়ে ভাবছেন না বার্সেলোনা মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রিগাসও। বরং ইংলিশ ক্লাবের বিপক্ষে পাওয়া দুর্দান্ত এই জয়টাকেই যেন উপভোগ করছেন তিনি, ‘আমরা স্প্যানিশ কাপের ফাইনালে, লিগে শীর্ষস্থানে আর আজ এখানেও দারুণ খেলে জিতেছি। তার মানে আমরা ভালো করছি। কিছু লোক আমাদের পারফরম্যান্স নিয়ে বেশি কথা বলছিল। এর মধ্যে একজন অনেক দিন ধরেই এটা করছে। আশা করছি, আজকের পারফরম্যান্স কিছুদিনের জন্য হলেও তাদের চুপ করিয়ে দেবে।’
ইঙ্গিতটা কার দিকে বুঝতে পারছেন তো? ‘বহু বছরের মধ্যে এটা সবচেয়ে বাজে বার্সেলোনা দল’—কথাটা কিছুদিন আগে হোসে মরিনহো বলেছিলেন না? এএফপি।