এগিয়ে গেল মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি লিগে চ্যাম্পিয়ন হওয়ার দাবি আরও জোরালো করল মোহামেডান। আবাহনীর বিপক্ষে কাল ৪-৩ গোলের রুদ্ধশ্বাস জয় সাদা-কালোদের ভাসিয়েছে আনন্দে। এই জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ঊষার চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে মোহামেডান।আবাহনীর শিরোপা-স্বপ্ন বলতে গেলে প্রথম পর্বেই শেষ। প্রথম পর্ব শেষে অপরাজিত মোহামেডানের পয়েন্ট ১০ ম্যাচে ৩০, ঊষার ২৭, আবাহনীর ২৪। আগামীকাল শুরু সুপার ফাইভে অন্য দুই দল সোনালী ব্যাংক ও সাধারণ বীমা। লিগের ভাগ্য মূলত মোহামেডান-ঊষা, মোহামেডান-আবাহনী এবং আবাহনী-ঊষা ম্যাচের ওপরই ঝুলে থাকছে।কাল আবাহনী জিতলে তিন বড় দলেরই পয়েন্ট সমান হতো। সে ক্ষেত্রে লিগটা জমে উঠত আরও। তবে এদিন আবাহনী-মোহামেডান লড়াই কম উত্তেজনা ছড়ায়নি। দুই ভারতীয় আম্পায়ারের দুর্বল আম্পায়ারিং তাতে আরও ঘি ঢেলেছে।১৬ মিনিটে মোহামেডানের করা ম্যাচের প্রথম গোলটা মানতে পারেনি আবাহনী। আবাহনীর দাবি, মোহামেডানের শেখ নান্নু গোলমুখে হিট নিয়েছেন ডি-র বাইরে থেকে। কাজেই পোস্টে যাওয়ার সময় তাদের (আবাহনীর) পাকিস্তানি ডিফেন্ডার কাসিম আলীর স্টিকে ছোঁয়া লাগা মানে লং কর্নার। আম্পায়ার বলেছেন, ডি-র ভেতর থেকেই হিট হয়েছে। ওটা গোল। তবে টিভি রিপ্লেতে দেখা গেছে, ডি-র বাইরে থেকে হিট ছিল।এই নিয়ে মিনিট কুড়ি বন্ধ খেলা ফের মাঠে ফিরলে ম্যাচ দুলতে থাকে পেন্ডুলামের মতো। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ১-১ করেন আবাহনীর ডিফেন্ডার কাসিম আলী। পরপরই মালয়েশিয়ান মিডিও আহমেদ তাজউদ্দিনের দুরূহ কোণ থেকে রিভার্স হিটের গোলে এগিয়ে যায় মোহামেডান। ৪১ মিনিটে কাসিমের পেনাল্টি স্ট্রোকে ২-২ করে আবাহনী। ৫৭ মিনিটে কাসিমের আরেকটি পেনাল্টি কর্নার গোলে ৩-২ করে ফেলে তারা। কিন্তু ৬২ মিনিটে প্রথম পাওয়া পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়ন করেন ৩-৩। এরপর জিমির স্টিকে মোহামেডানের জয়সূচক গোল।এ মৌসুমে সেরা দল গড়েও ক্লাব কাপে আবাহনীর কাছে হেরেছিল মোহামেডান। কালও আবাহনীই ভালো খেলছিল। কিন্তু প্রধান গোলরক্ষক জাহিদ ডেঙ্গুজ্বরে আক্রান্ত, দ্বিতীয় গোলরক্ষক আইনুল চাপটা নিতে পারেননি। তার ওপর ৩-২ করার পর আবাহনী গা ছেড়ে দেয়। শেষ কয়েক মিনিট খুঁজেই পাওয়া যায়নি আবাহনীকে। মোহামেডান সেই সুযোগটাই নিয়েছে।