এগিয়ে চলার আনন্দেও আক্ষেপ
আজ আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও দিনটি উদ্যাপিত হবে। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের নারীরা কোথায় দাঁড়িয়ে? সেই উত্তরই খোঁজা হয়েছে বিশেষ এই আয়োজনেআনন্দের মধ্যে আক্ষেপও আছে। আজ বিশ্ব নারী দিবসে বাংলাদেশের মহিলা ক্রীড়াঙ্গনে কাজ করছে মিশ্র এক অনুভূতি।আর সব ক্ষেত্রের মতো খেলাধুলায় বাংলাদেশের মেয়েরা এগোল নাকি পেছাল? উত্তরটা এককথায় দেওয়া কঠিন। মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বেড়েছে, এটা সত্য। এটাই এগিয়ে চলার অন্যতম স্মারক। অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হ্যান্ডবল, ভলিবলসহ আরও কিছু নির্দিষ্ট খেলাতেই নারীদের অংশগ্রহণ ছিল এত দিন। কয়েক বছর ধরে ফুটবল-ক্রিকেটের দুয়ার খুলেছে। ক্রিকেটে তো এখন ভালোই আর্থিক সুবিধা পাচ্ছেন মেয়েরা।এটা বলে দেয় সামাজিক বাধার দেয়ালটা আর নেই। তবে এই যুগেও বঞ্চনার শিকার মেয়েরা। মহিলা দলের ম্যানেজার হয়ে যান পুরুষ! বাংলাদেশের একজন নারী ফিফা পর্যন্ত পৌঁছেছেন, হয়েছেন অনূর্ধ্ব-২১ নারী বিশ্বকাপ ফুটবলের সাংগঠনিক কমিটির সদস্য। আর দেশেই সেই নারী হারিয়েছেন মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত সাধারণ সম্পাদকের পদ। তাঁর কমিটি ভাঙা হয়েছে চার মাস আগে, আজও সেখানে ঝুলছে তালা!তা দেখে হতাশা ঝরে পঞ্চাশের দশকে খেলা শুরু করে দীর্ঘদিন খেলার মাঠে রাজত্ব করা কাজী নাসিমা হামিদের কণ্ঠে। পঞ্চাশ দশকের এই অ্যাথলেট পরে শটপুট, ডিসকাস থ্রোতে জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। কাজী আবদুল আলিমের ছয় বোনের অন্যতম নাসিমা হামিদ কাল মুঠোফোনে বললেন, ‘এখন অনেক সুযোগ-সুবিধা পাওয়ার পরও মেয়েদের খেলাধুলায় অগ্রগতি নেই। কোনো সংস্থা নতুন খেলোয়াড় বের করতে পারেনি। পুরোনোরাই টানা চ্যাম্পিয়ন হয়ে চলেছে। তাহলে মেয়েদের খেলাধুলায় কী উন্নতি হলো?’তাঁর ছোট বোন ষাটের দশকের আরেক খেলোয়াড় শামীমা রহমানের মুখেও প্রায় একই সুর, ‘১৯৬২-তে লাহোর অলিম্পিক থেকে তিনটি সোনা, দুটি ব্রোঞ্জ এনেছিলাম। তখন অনেক সামাজিক বাধা ছিল। এখন ঘরে ঘরে উৎসাহ। আমরা অনেক কষ্ট করতাম, চেষ্টাও ছিল। এখনকার মেয়েদের সেই চেষ্টা দেখি না।’১৯৫৫ সালে পাকিস্তান অলিম্পিকে হাইজাম্পের সোনা বিজয়ী জিনাত আহমেদের কথা, ‘চার মাসের বেশি সময় মহিলা ক্রীড়া সংস্থা বন্ধ হয়ে আছে। এটা দুঃখজনক। তবু বলব, মেয়েদের খেলাধুলায় উন্নতি আছে। মেয়েরা এখন ফুটবল-ক্রিকেটও খেলছে।’ আজ নারী উদ্যোগ কেন্দ্রের উদ্যোগে নারী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদে। এর সঙ্গে যুক্ত ষাটের দশকের আরেক নামী অ্যাথলেট বর্তমানে সংগঠক হামিদা বেগমের মূল্যায়নটা এমন, ‘আমাদের সময় প্রতি ইভেন্টেই দু-তিনটি হিট হতো। এখন রানিং ইভেন্টে হিট দূরে থাক, লেনই ভরে না। ভীষণ দুঃখ লাগে। মনকে প্রশ্ন করি, এটা কি সংগঠক হিসেবে আমাদেরই ব্যর্থতা?’এমন প্রশ্ন রানী হামিদকেও ভাবায়। তবে কাল তাঁর কণ্ঠে উচ্ছ্বাসই ধরা পড়ল, ‘মহিলা পুলিশের একটা সম্মেলন শেষ করে বেরোলাম, দারুণ লাগছে। এত মহিলা পুলিশ ভাবাই যায় না! বাংলাদেশের মেয়েদের এগিয়ে যাওয়ারই প্রমাণ এটা।’তবে একটা ‘কিন্তু’ জুড়ে দিয়েছেন রানী, ‘মেয়েদের খেলাধুলায় উন্নতি হচ্ছে বটে, কিন্তু দাবায় নয়। দাবায় প্রচারণা নেই, আর্থিক সমস্যা, নেতৃত্বের সংকট। এটা ভাবলে ভীষণ খারাপ লাগে।’ফিরে গেলেন পেছনেও, ‘১৯৫৫ সালের দিকে আমার স্কুল স্যাররা বাবাকে বললেন, ও অল পাকিস্তান হান্ড্রেড মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হতে পারে। করাচি গিয়ে খেলতে হবে। কিন্তু করাচিতে মেয়েকে পাঠাননি বাবা। এই ছিল তখনকার মধ্যবিত্ত মানসিকতা। এখন অভিভাবকদের অনেক উৎসাহ। পাশাপাশি এখনকার মেয়েরা অনেক আধুনিক, স্মার্টও।’ এটা মেনে নিয়েও সাবেক ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানার হতাশা, ‘এখন খেলাধুলা করাটা অনেক কঠিন। রাস্তায় তীব্র জানজট। সুযোগ-সুবিধা বাড়ার পরও সেভাবে মেয়েরা আসছে না। মাঠ নেই। মধ্যবিত্তরা খেলাধুলায় বিমুখ। তারা ক্যারিয়ার গড়ছে অন্য কিছুতে। নিম্নবিত্ত থেকেই যা একটু খেলাধুলায় আসছে। কম্পিউটারের যুগে বাচ্চাদের খেলার কথা কেউ ভাবে না। যদি ছোটও হয়, তবু মাঠের সংখ্যা বাড়ানো উচিত সরকারের।’আশির দশকে যে প্রজন্মটা এসেছে, তাদের অন্যতম সাবরিনা সুলতানা। কমনওয়েলথ শ্যুটিংয়ে সোনাজয়ী শ্যুটার বলছেন, ‘মেয়েদের খেলাধুলায় আগের মতো প্রতিদ্বন্দ্বিতা নেই। নিরাপত্তার অভাবটাও রয়ে গেছে।’টিটির রানী জোবেরা রহমান লিনু সামনে আনলেন আরেকটি বিষয়, ‘একবিংশ শতাব্দী অনুযায়ী এগোয়নি মেয়েদের খেলাধুলা। মানমর্যাদাও বাড়েনি। সুযোগ-সুবিধাও অনেক কম।’বর্তমান প্রজন্মের প্রতিনিধি দেশের দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটির কণ্ঠেও হতাশা, ‘অ্যাথলেটিকসের অবস্থা খুবই খারাপ। নতুন খেলোয়াড় নেই। সবাই ফুটবল-ক্রিকেটে চলে যাচ্ছে। কারণ, টাকা আছে সেখানে।’ ফুটবল-ক্রিকেটেই তুলনামূলক একটু ভালো অবস্থা। এই নারী দিবসে বাংলাদেশের গোটা মহিলা ক্রীড়াঙ্গনেই আরও বদল আনার শপথ কি উচ্চারিত হতে পারে না?