এগিয়ে চলেছে রিয়াল
ম্যাচের ১১ মিনিট। অ্যাঙ্গেল ডি মারিয়ার কর্নার থেকে লাফিয়ে উঠে হেড করলেন ক্রিস্টিয়ানো রোনালদো, গোল। লাফটা এমন ছিল যে, মাধ্যাকর্ষণ শক্তির অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে! লেভান্তের সঙ্গে আগের চার দেখাতেই গোল করেছিলেন রোনালদো। এবারও গোল পেলেন। ম্যাচটা রিয়াল জিতল ৩-০ গোলে।
জয়টা এর চেয়ে ভালো সময়ে আসতে পারত না। আগের দিনই হেরে গেছে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে থাকা বার্সেলোনা। ম্যাচটা জিতে রিয়ালের সুযোগ ছিল আরেকটু নিরাপদ দূরত্বে যাওয়ার। সুযোগটা নিল তারা দুহাত ভরেই।
পরশুর জয়ের পর দ্বিতীয় অ্যাটলেটিকোর চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে গেল রিয়াল। বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৪ পয়েন্ট। শিরোপার জন্য এখনো অনেকটা পথ হাঁটতে হবে, তবে এ মুহূর্তে ফেবারিট মানতে হবে রিয়ালকেই। কোচ কার্লো আনচেলত্তি তবু সতর্ক, ‘সামান্য লাভ হয়েছে আমাদের। তবে আমরা বেশি দূর ভাবছি না। আপাতত আমাদের ভাবনা পরের ম্যাচ নিয়েই। এখনো মৌসুমের অনেক দূর বাকি। আমাদের লক্ষ্য শেষ ম্যাচটা এ রকম অবস্থানে থেকেই শুরু করা।’
লেভান্তে গোলরক্ষক কেইলর নাভাস বাধা না হলে জয়টা আরও বড় হতে পারত। গোটা তিনেক দুর্দান্ত সেভ করেছেন নাভাস। তবে তাতেও রিয়ালকে আটকানো যায়নি। নিজে গোল করার পর ৪১ মিনিটে রোনালদো মার্সেলোকে দিয়ে গোল করিয়েছেন। আর ৮১ মিনিটে ‘দর্শনীয়’ এক আত্মঘাতী গোল করেছেন লেভান্তের নিকোস কারাবেলাস। এর আগে ডেভিড নাভারো লাল কার্ড দেখায় লেভান্তে হয়ে পড়েছিল ১০ জনের দল।
স্পেনে যখন রিয়ালের শিরোপার আলো দেখা যাচ্ছে, ইতালিতে রোমার জন্য সেটি মিলিয়ে গেছে দূরদিগন্তে। পরশু নাপোলির কাছে ১-০ গোলে হারের পর রোমা কোচ রুডি গার্সিয়ার স্বীকারোক্তি, ‘জুভেন্টাসের সঙ্গে ব্যবধান অনেক বড়। আমাদের এখন দ্বিতীয় স্থানের দিকে মনোযোগ দিতে হবে।’ ৮১ মিনিটে হোসে কায়েহন করেছেন ম্যাচের একমাত্র গোল। এএফপি।