এগিয়ে থেকে শুরু ঢাকার
বরিশালের বাকি খেলোয়াড়েরা কেউ তখনো এসে পৌঁছাননি। জাতীয় দলের অনুশীলন শেষ করেও শাহরিয়ার নাফীস গুটি গুটি পায়ে মাঠের মাঝখানে হেঁটে গেলেন। চুপচাপ দাঁড়িয়ে উইকেটটা দেখলেন, আবার ফিরে এলেন বাউন্ডারির কাছে।জাতীয় দলের কোনো ম্যাচ নয়। এই উইকেট পর্যবেক্ষণ জাতীয় লিগের ফাইনালের জন্য। পরশু শেষ রাউন্ডে নাটকীয়ভাবে ম্যাচ জিতে ঢাকা, আর হেরেও বরিশাল উঠেছে আজকের ফাইনালে। এবার শিরোপার লড়াই। শাহরিয়ার তাহলে ফাইনাল নিয়ে খুব চিন্তিত? জাতীয় দলের ব্যাটসম্যান হেসে বললেন, ‘উদ্বিগ্ন নই, চিন্তিত। চিন্তা তো করতেই হবে। আমাদের তো শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ।’প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র শিরোপাটি জিতেছে তারা ২০০৮-০৯ মৌসুমে; গত মৌসুমে ওয়ানডে টুর্নামেন্ট না হওয়ায় টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন বরিশালই। বরিশালের চ্যালেঞ্জ তাই শিরোপা ধরে রাখার।আর ঢাকার চ্যালেঞ্জ শিরোপা পুনরুদ্ধারের। ঢাকাও এ পর্যন্ত জাতীয় লিগের ওয়ানডে শিরোপা একবারই জিতেছে; সেই ২০০৬-০৭ মৌসুমে। আরেকবার ট্রফিটা হাতে নেওয়ার সুযোগ এবার ঢাকার খেলোয়াড়দের সামনে।ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত ঢাকাই কাগজে-কলমে এগিয়ে আছে লড়াইয়ে। এগিয়ে আছে তারা বরিশালের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও। এবারের লিগে দুই দলের যে দুবার সাক্ষাৎ হয়েছে, দুবারই জিতেছে ঢাকা।অনুশীলন শেষ করে ফেরার পথে ঢাকা অধিনায়ক মোহাম্মদ শরীফ এই মুখোমুখি লড়াইয়ের ফল দিয়েই নিজেদের বেশি এগিয়ে রাখছেন, ‘আগের দুবারই আমরা ওদের হারিয়েছি। আরেকবারও হারাতে পারব, ইনশাআল্লাহ।’ঢাকা আরও এক জায়গায় এগিয়ে আছে। মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ, শুভাগত হোম চৌধুরী, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম, মোহাম্মদ শরীফদের নিয়ে গড়া দল এমনিতেই সমীহ জাগানোর কথা।বরিশালের অবস্থা কাগজে-কলমে ঢাকার উল্টো। দলে এমনিতেই শাহরিয়ার ছাড়া ‘তারকা’ কেউ নেই, এরপর আজ তারা পাচ্ছে না ফর্মে থাকা ওপেনার নাসিরউদ্দিন ফারুককে। সর্বশেষ ম্যাচে আউট হয়ে ব্যাট ছুড়ে মারায় ও আপত্তিকর কথা বলায় এই ব্যাটসম্যানকে এক ম্যাচের ফি জরিমানা ও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।বরিশাল অধিনায়ক মানছেন, ফারুকের অনুপস্থিতি তাদের একটু বিপাকে ফেলে দিয়েছে। তার পরও বলছেন, ‘ওপেনিংয়ে রাব্বি আছে, আমি হয়তো খেলব। এরপর হান্নান ভাই হয়তো একাদশে ফিরবেন। সমস্যা নেই। লড়াই ভালোই হবে।’ভালো লড়াই অন্য একটা জায়গায়ও হবে। এই ফাইনালে জমে উঠতে পারে সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারের লড়াইও। ৭ ম্যাচে ৩৪৯ রান নিয়ে এবারের লিগের সর্বোচ্চ রানসংগ্রহকারী বরিশালের ফজলে রাব্বি। এক ম্যাচ কম খেলে ৩১৯ রান দিয়ে দ্বিতীয় স্থানে আছেন ঢাকার আশরাফুল। আজ আশরাফুলের সামনে সুযোগ থাকছে এগিয়ে যাওয়ার।আবার এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি বরিশালের কামরুল ইসলাম। এক ম্যাচ কম খেলে দুই নম্বরে থাকা ঢাকার নূর হোসেনের উইকেট ১৪; সমান উইকেট বরিশালের মনির হোসেনেরও। এখানেও লড়াই জমতে পারে।যেভাবেই হোক, লড়াই জমলেই হলো।