
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট সাফল্যের হার শতভাগ নয়, প্রকৃতির কল্যাণে একটি টেস্ট ড্র। কিন্তু ৯ টেস্টের ৮টিতেই নিউজিল্যান্ডের জয় প্রতিপক্ষ হিসেবে দলটির সামর্থ্যেরই বড় বিজ্ঞাপন। আরও কিছু নমুনা দেখুন—টেস্টে নিউজিল্যান্ডের ৪০০ পেরোনো ইনিংস ৩টি, বাংলাদেশের একটি। ২০০ রানের নিচে বাংলাদেশ অলআউট ৯ বার। নিউজিল্যান্ড একবার। নিউজিল্যান্ডের পক্ষে সেঞ্চুরি ৮টি, বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি মাত্র ২টি। নিউজিল্যান্ডের সেঞ্চুরি জুটি ৭টি, বাংলাদেশের ৪টি।
উজ্জ্বল সাকিব
দুই দেশের অসম লড়াইয়ের মধ্যেও জ্বলজ্বলে এক নাম—সাকিব আল হাসান। সেরা বোলিং বাংলাদেশের এই অলরাউন্ডারেরই। ২০০৮ চট্টগ্রাম টেস্টে ২৫.৫ ওভারে ৭ মেডেনসহ ৩৬ রানে সাকিব নিয়েছিলেন ৭ উইকেট। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ৩৫৮ রানও তাঁর। সব মিলিয়ে বরাবরের মতো এবারও বাংলাদেশ দলের আকাঙ্ক্ষার প্রতীক এই অলরাউন্ডার।
‘এগিয়ে’ থাকার লজ্জা!
এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলারদের তালিকায় বাংলাদেশের বোলারদের জয়জয়কার। ১২০ কিংবা তার চেয়ে বেশি রান দেওয়া পাঁচজন বোলারের সবাই লাল সবুজের। সবার ওপরে রুবেল হোসেন—২০১০ সালে হ্যামিল্টন টেস্টে এক ইনিংসে ২৯ ওভারে দিয়েছেন ১৬৬ রান! আবার অতিরিক্ত খাতে সবচেয়ে বেশি রান দেওয়া আট বোলারের আট জনই বাংলাদেশের। সবচেয়ে বেশি, ৫ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটিও বাংলাদেশের এক ব্যাটসম্যানের—আশরাফুল।
ম্যাককালাম-আলো
দুই দেশের টেস্ট লড়াইয়ে সবচেয়ে সফল বোলার ড্যানিয়েল ভেট্টোরির না থাকাটা বাংলাদেশের জন্য অবশ্যই স্বস্তির। তবে ব্রেন্ডন ম্যাককালামও কম ‘অস্বস্তিকর’ নন। দুই দেশের সিরিজে সবচেয়ে বেশি ৫০৪ রান ম্যাককালামেরই। দুটি সেঞ্চুরি পাওয়া একমাত্র ব্যাটসম্যানও তিনি। সবচেয়ে বেশি ৮টি ছক্কা, সবচেয়ে বেশি ২৮টি ডিসমিশাল, এক টেস্টে সবচেয়ে বেশি ৬টি ডিসমিশালও ম্যাককলামের।
তথ্যসূত্র: ক্রিকইনফো