এগিয়েও হারল বাংলাদেশ

বলা হচ্ছিল, এটি ভারতের দ্বিতীয় দল। তবে যথেষ্ট শক্তিশালী! অধিনায়ক বিক্রম কান্ত খেলেছেন ৭০টি আন্তর্জাতিক ম্যাচ। স্কোয়াডের দুজন বাদে বাকি সবার আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সে হিসেবে বাংলাদেশ হকি দলের জন্য বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছিল। কিন্তু সে চ্যালেঞ্জ উতরে যেতে পারলেন না চয়নরা। বিকেএসপিতে আজ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ হকি সিরিজের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।
আন্তর্জাতিক হকি ফেডারেশন স্বীকৃত এ আন্তর্জাতিক ম্যাচে গোল পেতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ততক্ষণে নিজেদের প্রথম পেনাল্টি কর্নার থেকে ভারতের পোস্টে বল পাঠিয়ে ১-০ করে ফেলে বাংলাদেশ। বাংলাদেশের পেনাল্টি কর্নারে দু-তিন স্টিক ঘুরে সিটুলের পুশে গোল।
ভারত ম্যাচ জিতেছে মূলত দুই মিনিটে দুই গোল করে। ৩২ মিনিটে প্রথমটা পেনাল্টি কর্নারে সরাসরি স্কুপে করেন গুরজিন্দার সিং। পরের মিনিটেই পেনাল্টি কর্নারে থেকে হারজিং সিংয়ের দারুণ হিটে ২-১। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।