এগোচ্ছেন জিয়া
গত বছর গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিবের কাছে শিরোপা হারিয়েছিলেন। কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুটটি পুনরুদ্ধারের পথে এবার একটু একটু করে এগিয়ে চলেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৯ খেলায় ৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন তিনি। খেলা বাকি আছে আরও চার রাউন্ড। তবে সামনে শক্ত প্রতিপক্ষ একজনই—গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। তাঁকে হারালে শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে জিয়ার। ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট নিয়ে রাজীব আছেন জিয়ার ঠিক পেছনেই। গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ সাড়ে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
কাল নবম রাউন্ডে জিয়া কালো ঘুঁটি নিয়ে ৩১ চালে হারিয়েছেন মাসুম হোসেনকে। রাজীবও কালো নিয়ে খেলে জিতেছেন মাহতাব উদ্দিনের সঙ্গে। জিতেছেন আবদুল্লাহ আল রাকিব, নিয়াজ মোরশেদ, নাসির আহমেদ, মিনহাজউদ্দিন আহমেদ, খন্দকার আমিনুলও।