এজবাস্টনের ভারতকেই চান কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাট কোহলির নেতৃত্বের এটা একটা বিশেষত্ব। খুব সহজে সন্তুষ্ট হন না। আরও চাই তাঁর, আরও ভালো পারফরম্যান্স। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে তাঁর দল। আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা তাই একটু নির্ভার হয়ে খেলতেই পারে ভারত। কিসের কী! কোহলি পরিষ্কার বলে দিয়েছেন তাঁর সতীর্থদের, একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে হবে এই ম্যাচেও। কম হলে চলবে না।

আপাতত সেটা কঠিন বলে মনেও হয় না। এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে কোহলি, যুবরাজ সিং, রোহিত শর্মা আর শিখর ধাওয়ানরা রীতিমতো চাবুক চালিয়েছেন পাকিস্তানি বোলারদের ওপর। বোলিং নিয়ে চিরকাল দুশ্চিন্তায় থাকতে হয়েছে ভারত অধিনায়কদের। অথচ কোহলির এই দলের একাদশে মোহাম্মদ শামি আর রবিচন্দ্রন অশ্বিনরা সুযোগই পাচ্ছেন না! সর্বশেষ কয়েক বছরে ভারতের সবচেয়ে সফল স্পিনার অশ্বিন তো এজবাস্টনে সতীর্থদের জন্য পানি টেনেছেন! বোঝাই যাচ্ছে, এই ভারতের বোলিং এখন কত দুর্দান্ত! কোহলিও সে কারণেই বলছেন, ‘অধিনায়ক হিসেবে এভাবে ম্যাচ জিততে দেখা অসাধারণ ব্যাপার। আশা করছি, আমরা শ্রীলঙ্কার বিপক্ষেও এভাবেই পারফর্ম করতে পারব।’ এই ম্যাচটা জিতলে ভারতের সেমিফাইনালও অনেকটা নিশ্চিত হয়ে যাবে।

উল্টো অবস্থা শ্রীলঙ্কার। এমনিতেই এবার চ্যাম্পিয়নস ট্রফির দুর্বলতম দলগুলোর একটি তারা। তার ওপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচেই স্লো ওভার রেটের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক উপুল থারাঙ্গা। অ্যাঞ্জেলো ম্যাথুস চোট থেকে সেরে আজ ফিরবেন এটা নিশ্চিত। কিন্তু স্লো ওভার রেটের ঘটনা আবার ঘটতে পারে বলে শ্রীলঙ্কা তাঁকেই টস করতে পাঠাবে কি না, এ নিয়ে ভাবনা-চিন্তা করছে দলের ম্যানেজমেন্ট। কোনো কারণে ম্যাথুসও যদি নিষিদ্ধ হয়ে যান, শ্রীলঙ্কার পক্ষে সেই ধাক্কা সামলানো কঠিন হয়ে যাবে।

থারাঙ্গাকে হারানোও একটা বড় ধাক্কা বলে মনে করছেন ম্যাথুস। তবে আপাতত সেই ধাক্কা সামলে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক, ‘উপুল আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু যা হওয়ার হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যেভাবে খেলেছি সেটা খুবই হতাশাজনক। এ রকম আর ঘটতে দেওয়া যাবে না।’

ঘুরে দাঁড়ানো ছাড়া অবশ্য বিকল্পও নেই শ্রীলঙ্কার। এই ম্যাচটা হারলে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের। এএফপি, রয়টার্স।