এজেন্ট পুয়োল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমজুড়ে দুর্দান্ত খেলছেন বোজান কিরকিচ। ১৯ ম্যাচে ৫ গোল—পরিসংখ্যানটা স্টোক সিটি উইঙ্গারের পারফরম্যান্স অল্পই বোঝাতে পারছে। ইংলিশ ক্লাবটির চোখের মণি হয়ে দাঁড়িয়েছেন ২৫ বছর বয়সী স্প্যানিশ। স্বাভাবিকভাবেই তাই গত বৃহস্পতিবার যখন ক্লাবের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ঘোষণা এল, সাড়ে চার বছরের নতুন চুক্তি সই করেছেন বোজান, স্টোক সমর্থকেরা বেশ উচ্ছ্বসিতই হলেন। তবে কিছুক্ষণের জন্য এর চেয়েও বেশি রোমাঞ্চিত হলেন তাঁরা অন্য কারণে। টুইটারের ছবিটিতে যে বোজানের পেছনে দাঁড়ানো কার্লোস পুয়োল! তবে কি কোনো ভূমিকায় সাবেক স্প্যানিশ ডিফেন্ডারও যোগ দিয়েছেন স্টোক সিটিতে? ভুলটা ভাঙতেও বেশি সময় লাগল না। আসলে অবসর নেওয়ার পর সাবেক দুই স্প্যানিশ সতীর্থকে নিয়ে এজেন্সি খুলে বসেছিলেন পুয়োল। ওই এজেন্সিই দেখভাল করে বোজানের চুক্তিসংক্রান্ত বিষয়। এ কারণেই ছবিতে পুয়োলের উপস্থিতি। গোলডটকম।