এটা অবিশ্বাস্য, চমৎকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল দুর্গের রাজা রাফায়েল নাদালের  হাতে ফ্রেঞ্চ ওপেনের ট্রফি তুলে দিচ্ছেন ট্র্যাকের রাজা উসাইন বোল্ট। গত পরশু প্যারিসে ষ এএফপি
লাল দুর্গের রাজা রাফায়েল নাদালের হাতে ফ্রেঞ্চ ওপেনের ট্রফি তুলে দিচ্ছেন ট্র্যাকের রাজা উসাইন বোল্ট। গত পরশু প্যারিসে ষ এএফপি

নয় বছর ধরে রোলাঁ গারোঁর লাল মাটিতে তাঁর রাজ্যপাট। এখানে নামলেই জেতেন রাফায়েল নাদাল। মাত্র একবারই তাঁর পা হড়কেছে। ২০০৯ সালে নাদালকে একমাত্র পরাজয়টি ‘উপহার’ দিয়ে সুইডেনের রবিন সোদারলিং নাতিনাতনিদের কাছে সারা জীবন গল্প করার খোরাক পেয়ে গেছেন। এক, দুই, তিন করে পরশু নাদাল পেয়ে গেলেন ফ্রেঞ্চ ওপেনের অষ্টম শিরোপা। গড়লেন ইতিহাস। ইতিহাস গড়ার পর নাদাল গণমাধ্যমের সামনে মেলে ধরলেন নিজেকে

ইতিহাস গড়ার অনুভূতি

এটা বেশ আবেগময়। আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জয়। অসাধারণ এক পরিতৃপ্তি। অনেক লোকের অবদানেই আমি এখানে আসতে পেরেছি। অন্যান্য বছরের সঙ্গে তুলনা করাটা বেশ কঠিন, তবে এটা সত্যি এ বছরটা আমার জন্য বিশেষ কিছু। পাঁচ মাস আগে আমি এটা কল্পনাও করতে পারিনি। হয়তো অসম্ভবই ভাবছিলাম। কিন্তু তাই তো হয়ে গেল। এটা অবিশ্বাস্য, চমৎকার।

প্রত্যাবর্তন প্রসঙ্গে

আমি ইতিবাচক মানসিকতার মানুষ। তবে সংশয়, অনিশ্চয়তা জীবনেরই অংশ। জীবনে যাদের কোনো অনিশ্চয়তা নেই, তারা উদ্ধত, কারণ এই দুনিয়ার কোনো কিছুই স্পষ্ট নয়। এখানে ফিরে আসতে যথাসাধ্য কঠোর পরিশ্রম করেছি। তবে আমি মনে করি না আগের চেয়ে আমি বেশি ফিট। মনে হয় ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে আমি এর চেয়ে বেশি ফিট ছিলাম। তবে এটাই স্বাভাবিক যে অতীতে আমি যেভাবে অনুশীলন করেছি এবার ততটা করতে পারিনি। গত আট সপ্তাহে আমার অনুশীলন বলতে শুধুই ম্যাচ খেলা। আমি জানি না কীভাবে কীভাবে এখানে চলে এলাম। ফেরার পর প্রথম প্রথম আমার নাড়াচাড়া খুবই খারাপ ছিল। তবে কয়েক সপ্তাহ যেতে না-যেতেই ঠিকমতো নড়তে-চড়তে পারলাম। আর এটা (ফ্রেঞ্চ ওপেন) ছিল প্রত্যাবর্তনের চূড়ান্ত পদক্ষেপ।

প্রসঙ্গ হাঁটুর চোট

আমার ভাগ্য ভালো এটা দুই হাঁটুতেই হয়নি, মাত্র একটিতে হয়েছে। ওই একটা হাঁটু নিয়েই কয়েক সপ্তাহ স্বস্তিতে ছিলাম না। তবে সপ্তাহ দুয়েক ধরে বেশ ভালো মনে হচ্ছে। এটা ভালো লক্ষণ। (সেমিফাইনালে) এই হাঁটু নিয়েই খুব কঠিন একটি ম্যাচ (জোকোভিচ) খেলেছি। এটা ভালো খবর যে গতকাল ভয়ংকর সেই অনুভূতিটা ছিল না। আজ আরেকবার শতভাগ ঢেলে দিয়ে খেলতে পারলাম। এটা চমৎকার ব্যাপার। এখন আমি সপ্তাহ ধরে, দিন ধরে এগোচ্ছি। পরে আবার একটু পরীক্ষা করে দেখতে হবে।

উইম্বলডনে খেলা না-খেলা নিয়ে

এরপর আমি সবকিছু পরীক্ষা করে দেখব। আমার পুরো শরীর পরীক্ষা করাব। আমি মনেপ্রাণেই আশা করছি উইম্বলডনের জন্য তৈরি হতে পারব। উইম্বলডনের আগে আর কোনো টুর্নামেন্ট খেলব না। তবে উইম্বলডনের মতো একটি গ্র্যান্ড স্লামের আগে এটা মোটেও আদর্শ নয়। কারণ, ওখানে খেলা হয় ঘাসে আর পরিবেশটাও সম্পূর্ণ অন্য রকম। এসব কারণেই এই টুর্নামেন্টটা নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। তবে আমি চেষ্টা করব উইম্বলডনে ভালো অবস্থায় ফিরতে। যদি না পারি তখন মৌসুমের বাকি সময়টা নিয়ে ভাবতে হবে। কারণ আমি যদি উইম্বলডনে ভালো না খেলি, তার মানে এটা বোঝাবে না চেষ্টা করিনি। আমি চেষ্টা করব শতভাগ প্রস্তুত হয়েই সেখানে যেতে ও ভালো খেলতে।

ফেদেরারকে ছোঁয়া কঠিন কি না

অবশ্যই। ১৭টি গ্র্যান্ড স্লাম জয়, ওটা এখনো আমার থেকে মাইল মাইল দূরে। আমি এমনকি ওটা নিয়ে ভাবছিও না।

দেশে ফিরে সংবর্ধনা প্রসঙ্গে

না, সত্যি বলছি আমি এ রকম ভাবছি না। হয়তো আমার কিছু বন্ধুবান্ধব ও গণমাধ্যমের কিছু বন্ধু আসবে। কিন্তু ওখানকার মানুষজন এ রকম করবে না, আমি বলতে চাইছি তারা বিমানবন্দরে আমাকে দেখতে আসবে না। এটা সত্যি, লোকজন যে আমাকে ভালোবাসে সেটা আমি পছন্দ করি। এটা খুব বিশেষ একটি অনুভূতি। তবে তারা যে আমাকে পছন্দ করে সেটা দেখানোর জন্য তাদের বিমানবন্দরে আসার কোনো প্রয়োজন দেখি না। মায়োর্কায় তারা আমাকে একটু একা থাকতে দিয়ে, শান্তি দিয়ে এবং সত্যিকারের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দিয়েই সবচেয়ে সেরা উপহারটা দিতে পারে। একা থাকতে পারাটা অমূল্য।

সেই ২০০৫ সালে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন, এবার জিতলেন অষ্টমবারের মতো। মাঝখানে শুধু ২০০৯ সালেই ট্রফি ওঠেনি তাঁর হাতে ষ এএফপি
সেই ২০০৫ সালে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন, এবার জিতলেন অষ্টমবারের মতো। মাঝখানে শুধু ২০০৯ সালেই ট্রফি ওঠেনি তাঁর হাতে ষ এএফপি

সামনে এগোনোর অনুপ্রেরণা

আপনার যদি মনে হয় আপনি আর উন্নতি করতে পারবেন না তাহলে জীবন সম্পর্কে কোনো ধারণাই নেই, কারণ এই জীবনে নিখুঁত বলতে কিছু নেই। আপনি সব সময়ই সব দিক দিয়েই উন্নতি করতে পারেন। শুধু অনুশীলনের জন্যই আমি অনুশীলন করি না। সেরা খেলোয়াড়দের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমার আরও ভালো করা দরকার, আমি অনুশীলন করি এই লক্ষ্যটাকে সামনে রেখেই। তথ্যসূত্র: এএফপি ও রয়টার্স