এটা একটা ‘প্রমাণ’!
মাহমুদউল্লাহ ভাবেননি, ভাবতে পারেননি তামিম ইকবালও। কিন্তু ক্রিকেট এমনই এক খেলা, যা সুনিশ্চিত সম্ভাবনাকেও ছিনিয়ে নেয়। বিপিএলে কাল দিনের প্রথম ম্যাচে সেটাই দেখল সবাই। ৯৯ রান করেও চিটাগং কিংসকে হারিয়ে দিল দুরন্ত রাজশাহী!চিটাগং কিংসের অধিনায়ক মাহমুদউল্লাহ নিজেই নিলেন হারের দায়, ‘আমি আউট হওয়ার সময়ও ভাবিনি হেরে যাব। বিশ্বাস ছিল পারব। আসলে আমি খুব বাজে সময়ে আউট হয়েছি। হারের পেছনে আমার আউটের দায় আছে।’ পাঁচ বিদেশি ছিল চিটাগং কিংসে, দুরন্ত রাজশাহীতে দুজন। তবে ম্যাচের আগেই দলের স্থানীয় ক্রিকেটারদের কানে একটা মন্ত্র পড়ে দিয়েছিলেন দুরন্ত রাজশাহীর অধিনায়ক তামিম, ‘আমরা বিদেশি খেলোয়াড় নিয়ে সমস্যায় আছি। সবাইকে বলেছিলাম বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এটাই সুযোগ নিজেদের প্রমাণ করার। রবি বোপারা, শন টেইট, জ্যাকব ওরামদের বিপক্ষে যারা খেলছে তাদের অনেকেই আজ (গতকাল) প্রথম ম্যাচ খেলেছে। নিজেদের ওপরে নিয়ে যেতে এ ধরনের ম্যাচে পারফর্ম করা খুব গুরুত্বপূর্ণ।’উইকেটে স্পিনারদের খেলতে কিছুটা সমস্যা হচ্ছিল ব্যাটসম্যানদের। তবে তা ৯৯ রানে অলআউট হওয়ার অজুহাত নয় তামিমের কাছে, ‘এটা ১৩০ রানের উইকেট।’ কাল ৯৯ করে জিতে গেলেও ভবিষ্যতের জন্য সতর্ক করলেন দলকে, ‘৯৯ করে সব ম্যাচ জিততে পারব না। হয়তো ১০টাতে ১টা জিতব। যেটা আজ (গতকাল) হয়েছে।’শেষ ওভারে ম্যাচ ঘুরিয়ে ম্যান অব দ্য ম্যাচ শন আরভিন। সংবাদ সম্মেলনে এসে জিম্বাবুইয়ান ক্রিকেটার জানালেন একটা পরিকল্পনা নিয়েই শেষ ওভারে বল হাতে নিয়েছিলেন তিনি, ‘জয়ের আশা ছিল না। তবে শেষ ওভারের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। তামিমও সে অনুযায়ী ফিল্ডিং সাজিয়েছে।’বিপিএলে দর্শক-খরা কালও ছিল। তবে চিটাগং-রাজশাহী শ্বাসরুদ্ধকর ম্যাচটাকে বিপিএলের বিজ্ঞাপন হিসেবে দাঁড় করাতে চান তামিম, ‘আমাদের জন্য বিপিএল গুরুত্বপূর্ণ, আর বিপিএলের সাফল্যের জন্য প্রয়োজন দর্শক। আমার অনুরোধে যদি কিছু হয় তাহলে দর্শকদের বলব, মাঠে আসুন, খেলা দেখুন।’ দর্শক না আসার বড় কারণ টিকিটের উচ্চমূল্য। তামিমও এদিকে বিসিবির দৃষ্টি আকর্ষণ করলেন, ‘দাম যদি বেশি হয়ে থাকে আমি মনে করি, ক্রিকেট বোর্ডেরও এটা নিয়ে চিন্তা করা উচিত। যদি কেউ মাঠে না-ই আসে, তাহলে লাভটা কী? কিছুই না। দর্শক হলে খেলে মজা। বেশি দর্শকের সামনে খেলাটা স্থানীয় খেলোয়াড়দের জন্যও ভালো।’