এটা কেবল স্বপ্নের শুরু: প্রাণদেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানদের হারিয়ে ইউরোর ফাইনাল নিশ্চিত করেছে ইতালি। এর মধ্য দিয়ে তারা স্বপ্নপূরণের পথে যে একটি গুরুত্বপূর্ণ বাধা পার হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ইতালির কোচ সিজার প্রাণদেল্লি মনে করেন, এটা কেবল স্বপ্নের শুরু।‘স্বপ্ন দেখলে বড়টাই দেখবেন। এটা কেবল স্বপ্নের শুরু’—সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ২-১ গোলে জয়ের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন প্রাণদেল্লি।এ দিন শুরু থেকে দুর্দান্ত খেলেছে ইতালি। খেলার ২০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন বালাতেল্লি। এর ১৫ মিনিট পর জার্মানির জালে আরেকবার বল জড়ান এই ‘ব্যাড বয়’। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন জার্মানির মেসুত ওজিল।প্রাণদেল্লি স্বীকার করেন, জয়টা সহজ ছিল না মোটেই। জার্মানি খেলায় সমতা আনতে পারলে ফল উল্টোও হতে পারত। ৫৪ বছর বয়সী এই কোচ বলেন, ‘ওরা খেলায় সমতা আনতে পারলে অতিরিক্ত সময়ে আমরা ৫-২ গোলে হারতে পারতাম। কারণ, খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা।’ইতালি কোচ বলেন, ‘এই তরুণ খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। জার্মানরা তরুণ, খুব ভালো খেলে। তবে নিজেদের ওপর আস্থা ছিল আমাদের। আমি মনে করি, এই ম্যাচের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল আমাদের।’প্রাণদেল্লির গর্বের কারণ শুধু ফাইনালে ওঠা নয়, প্রতিপক্ষ যে ছিল জার্মানির মতো প্রবল শক্তিধর দল! বাছাই পর্বের ১০ ম্যাচের সবকটি জিতেই ইউরো মূল আসরে খেলতে এসেছিল জার্মানি। হল্যান্ড, ডেনমার্ক, জার্মানি ও পর্তুগাল—এই চার শক্তিশালী দল নিয়ে গঠিত ‘বি’ গ্রুপকে বলা হচ্ছিল ইউরোর ‘গ্রুপ অব ডেথ’ অর্থাত্ মৃত্যুকূপ। সব কটি ম্যাচ জিতেই সেই মৃত্যুকূপ থেকে বেরিয়ে আসে জার্মানরা। বিশ্বরেকর্ড টানা ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে জয়ী জার্মানি শেষ পর্যন্ত হার মানল ইতালির কাছে। কোচ হিসেবে প্রাণদেল্লির গর্ব হওয়ারই কথা।কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মধ্য রাতে দলের কর্মকর্তাদের নিয়ে ২১ কিলোমিটার হেঁটেছিলেন প্রাণদেল্লি। তবে জার্মানদের হারানোর পর এমন কোনো উদযাপন না করার ইঙ্গিত দেন ইতালি কোচ। সর্বশেষ ইউরো ও বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফাইনাল খেলতে হবে বলে বাড়তি সতর্ক প্রাণদেল্লি, ‘উদযাপন করার সময় হাতে নেই। অনেক কিছুই ভাববার আছে আমাদের।’ রয়টার্স।