খেলা হচ্ছে, না পার্টি?দুটিই। তবে পার্টিই বোধহয় বেশি। খেলার ব্যাপারটা জানা না থাকলে বোশেজো ক্রিকেট স্টেডিয়ামের আশপাশে এসে যে কারও মনে হবে, ভেতরে বোধহয় কোনো কনসার্ট চলছে!উচ্চস্বরে বেজে চলেছে গান, বিচিত্র সব বাদ্যযন্ত্র প্যাঁ-পোঁ করছে, একটু পর পরই দর্শকদের জাগিয়ে তুলতে ডিজের বিকট চিৎকার...খেলার ফাঁকে ফাঁকে এসব, নাকি এসবের ফাঁকে ফাঁকে খেলা—এটাই বোঝা মুশকিল।ও হ্যাঁ, চিয়ার গার্লদের উদ্দাম নাচও আছে। খেলাও বিনোদন, তবে জন্ম থেকেই টি-টোয়েন্টির সেই সীমানা বিনোদনের মূল ধারায় মিশে যাওয়ার দিকে ঝোঁক। যেটির সবচেয়ে বড় প্রতীক চিয়ার গার্লদের আমদানি। টি-টোয়েন্টি আর চিয়ার গার্ল যেন এখন সমার্থক। আম্পায়ার-টাম্পায়ার না থাকলেও চলবে, কিন্তু ওই নাচুনি মেয়েদের লাগবেই লাগবে।দেখতে দেখতে সবই চোখ সয়ে যায়। কিছুটা গেছেও। তার পরও যতবার টি-টোয়েন্টিতে আসি, মেয়েদের কেন ওভাবে নাচাতে হবে—এই প্রশ্নটা মনে জাগেই। বাংলাদেশে একটা এনসিএল হলো, সেটিতেও অনুসরণ করা হলো এই ‘প্লেয়িং কন্ডিশন’। নারীবাদীরা কেউ কোনো প্রতিবাদও করলেন না কেন, কে জানে!এত কিছু বলার পর একটা কথা জানাতে কেমন যেন বাধো-বাধো লাগছে। তার পরও স্বীকার করে ফেলি, ওয়েস্ট ইন্ডিজের এই ওয়ার্ল্ড টোয়েন্টি-টোয়েন্টিতে চিয়ার গার্লদের আমার ভালোই লাগছে। গায়ের রং সবারই কালো, তবে কৃষ্ণকলি বলার মতো কাউকেই দেখলাম না। ভালো লাগার কারণ অন্য। অদ্ভুত একটা প্রাণের উচ্ছ্বাস আছে ওদের মধ্যে। আইপিএলের চিয়ার গার্লদের দেখলেই যেমন মনে হয়—আহা রে, কয়েকটা টাকার জন্য মেয়েগুলো কী কষ্টই না করছে! মুখে বিমানবালাদের মতো প্লাস্টিক হাসি, নড়াচড়াও যান্ত্রিক। এখানে একদমই তা নয়। বরং ওয়েস্ট ইন্ডিয়ান চিয়ার গার্লদের দেখে মনে হয়, দর্শকদের বিনোদন দিতে নয়, ওরা নাচছে মনের আনন্দে।এই নাচানাচির ব্যাপারটা ওয়েস্ট ইন্ডিয়ানদের রক্তে। আর ২০০৭ বিশ্বকাপে সেটির সামনেই কাঁটাতারের বেড়া বসিয়ে দিয়েছিল আইসিসি। মাঠে এটা আনা যাবে না, ওটা আনা যাবে না—নানা বিধিনিষেধ। ক্রিকেট দেখতে আসব আর গানবাজনা থাকবে না, শঙ্খে ফুঁ দিয়ে আওয়াজ তুলতে পারব না—ওয়েস্ট ইন্ডিয়ানরা এটা কীভাবে মানবে? এর সঙ্গে টিকিটের অগ্নিমূল্য যোগ হয়ে ক্যারিবিয়ানরা মুখই ফিরিয়ে নিয়েছিল ওই বিশ্বকাপ থেকে। ওয়েস্ট ইন্ডিয়ান ফ্লেবারটাই হারিয়ে ফেলে ওই বিশ্বকাপের অনেক ম্যাচই তাই উৎসবের পরিবর্তে রূপ নিয়েছিল শোকসভার!আইসিসি সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে বাঁশি-শঙ্খ, আরও বিচিত্র সব বাদ্যযন্ত্র প্রবেশাধিকার পাচ্ছে। ওই বিশ্বকাপের তুলনায় টিকিটের একেবারে পানির দাম। ১৬ বছরের কম বয়সীদের মাঠে ঢুকতে টিকিটই লাগছে না। ওয়েস্ট ইন্ডিজকে তাই আবার ওয়েস্ট ইন্ডিজ মনে হচ্ছে।ব্যতিক্রমী আরেকটি জিনিসও খুব ভালো লাগছে। খেলা শুরুর আগে প্রতিদ্বন্দ্বী দুই দেশের জাতীয় সংগীত বাজানোর রীতিটা ক্রিকেটে খুব বেশি দিনের নয়। তবে সেটি সাধারণত ক্যাসেট-ট্যাসেটেই বাজে। এই বিশ্বকাপে সেটির সুর উঠছে মাঠের পাশের মঞ্চে স্টিল ব্যান্ড থেকে। বিদেশের মাটিতে জাতীয় সংগীত এমনিতেই খুব ভালো লাগে। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের মতো আর কখনো লাগেনি। আমার সোনার বাংলার সুরটা কী যে সুন্দর সুর তুলল ওই স্টিল ব্যান্ড!সন্ধ্যায় হোটেলের সুইমিং পুলে অবশ্য ভিন্নমত পেলাম। নিউইয়র্ক প্রবাসী গ্রেনাডার এক লোক জানতে চাইলেন, মাঠে যে জাতীয় সংগীত বাজল, কোনটা কোন দেশের। প্রথমটা বাংলাদেশের শুনে বললেন, ‘এত লম্বা জাতীয় সংগীত! হচ্ছে তো হচ্ছেই, শেষই হয় না! আমার পাকিস্তানেরটাই বেশি ভালো লেগেছে—ছোট আছে।’কথাটা শুনে মাশরাফি বিন মুর্তজা মজার একটা গল্প বলল। ইংল্যান্ডে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জাতীয় সংগীত শুনে কোন আম্পায়ার নাকি বলেছিলেন, ‘আহা, বাংলাদেশের ইনিংসটা যদি জাতীয় সংগীতের লম্বা হতো!’কথায় কথায় কোথায় চলে এলাম। বলছিলাম মাঠে ওয়েস্ট ইন্ডিয়ান শব্দমুখর উৎসবের কথা। শুধু দর্শকের ভূমিকায় ভালোই লাগে। মে দিবসের ছুটি বলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে একরকম দর্শকই ছিলাম। সমস্যা হয়নি। কিন্তু এই লেখা লিখতে গিয়ে জীবন বেরিয়ে যাচ্ছে। খোলা প্রেসবক্স। গানবাজনা, চিৎকার-চেঁচামেচি—এমন ভয়াবহ শব্দ যে লেখাটাকে মনে হচ্ছে বিশ্বের দুরূহতম কাজ।তা এখানে শেষ করে দিলেই তো হয়!২ মে, সেন্ট লুসিয়া