এটা ছিল একটা বাজে দিন: মুশফিকুর
টানা পাঁচ ম্যাচে জিতে আকাশে উড়ছিল দুরন্ত রাজশাহী। আজ প্রতিপক্ষ ছিল সিলেট রয়্যালস। যারা এই বিপিএলের একমাত্র জয়হীন দল। কিন্তু সেই দলের কাছে হেরে গিয়েই বড় এক ছন্দপতন রাজশাহীর। আজকের দিনটিকে দুরন্ত রাজশাহীর অধিনায়ক মুশফিকুর রহিম আখ্যায়িত করেছেন তেমনই একটা দিন হিসেবে, যে দিনগুলোতে কোনো কিছুই ঠিকঠাক চলে না।‘হ্যাঁ এটা একটা বাজে দিন আমাদের জন্য। এটা এমন একটা দিন, যে দিনে কোনো কিছুই আপনার মন মতো হবে না’—মুশফিকুরের মন্তব্য।তিনি আজ সিলেটের বিপক্ষে পরাজয়কে খুব ভালো খেলতে খেলতে হঠাত্ বাজে খেলে ফেলা বলেও আখ্যায়িত করেছেন।অবশ্য সিলেটকে বাহবা জানাতে ভোলেননি মুশফিকুর রহিম। তিনি বলেছেন, ‘এই ম্যাচে সিলেট খুব চমত্কার খেলেছে। জয়টা তাদের প্রাপ্য ছিল।’উইকেট নিয়ে কিছুটা অসন্তুষ্টই মনে হয়েছে মুশফিকুর রহিমকে। তিনি বলেন, ‘সাত দিন বিরতি দিয়ে মিরপুরে খেলা হলো। উইকেটকে আরও একটু স্পোর্টিং আশা করেছিলাম। আগের ম্যাচটা (ঢাকা ও চট্টগ্রামের মধ্যে) লো-স্কোরিং ছিল। টসে জিতলে ফিল্ডিংই বেছে নিতাম। আমাদের ব্যাটিংয়ের সময় বল নিচু হয়ে যাচ্ছিল। তবে শিশিরের কারণে সিলেটের ইনিংসের সময় আমাদের স্পিনারদের বল গ্রিপ করতে খুব অসুবিধা হয়েছে।’এগুলোকে অজুহাত মানতে রাজি নন জানিয়ে মুশফিকুর বলেছেন, ‘আজকের ম্যাচে শাহজাইবের ফিফটি ছাড়া কোনো পজিটিভ জিনিস নেই। আমরা খারাপ খেলেই হেরেছি।’দুরন্ত রাজশাহীর ফিল্ডিং নিয়েও অসন্তুষ্টি ঝরেছে মুশফিকুর রহিমের কণ্ঠে। তিনি বলেন, ‘এই মাঠে আসলে যেন আমাদের কী হয়...।’ এর বেশি আর কিছু বললেন না তিনি।পরের ম্যাচগুলোতে ভালো করার ব্যাপারে আশাবাদী মুশফিকুর। বলেছেন, ‘আশা করছি পরের ম্যাচে ভুল-ত্রুটিগুলো শুধরে মাঠে নামতে পারব।’