
সবার চোখে-মুখেই পরিতৃপ্তির ছাপ। ঘরের মাঠে আর যা-ই হোক অসম্মানজনক কিছু হয়নি।
এটা কাল পড়ন্ত বিকেলে বিকেএসপির হকি মাঠের দৃশ্য। ভারতীয় দল যে ৩-০-তে আন্তর্জাতিক প্রীতি সিরিজটা জিতল, সেটা নিয়ে মাতামাতি নেই খোদ ভারতীয় দলেই। বাংলাদেশ তিন ম্যাচেই হেরেছে সেটাও বোঝার উপায় রইল না। কে হারল, কে জিতল সবই পেছনের পাতায়। বাংলাদেশ দল বরং আগামীর সম্ভাবনার গানই গাইল। ‘এই তরুণদের সুযোগ দিলে ওরা পারবে’—সিরিজ শেষে বাংলাদেশের প্রাপ্তির খাতায় এই বাক্যটিই লেখা হলো আগে।
প্রথমটিতে লড়াই করে ২-১। দ্বিতীয় ম্যাচে কিছু বড় ভুল করায় ৫-১। কাল তৃতীয় ও শেষ ম্যাচে বেশ ভালো খেলে ৩-১। ৩-০ ব্যবধানে সিরিজ ভারতের বটে, তবে বাংলাদেশের তরুণেরা যে লড়াই করতে শিখছে, বিকেএসপিতে হকির রিংটোনে শুধু এটাই বাজছে এখন।
২৪ জনের দলে ৪-৫ জন বাদে বাকি সবাই নতুন। একমাত্র কৃষ্ণ ছাড়া সবাই বিকেএসপির ছাত্র। এই তরুণদের সবাইকে সুযোগ দিতে অধিনায়ক চয়নসহ আরও কয়েকজন সিনিয়রকে বসিয়ে কাল একেবারেই আনকোরাদের নামিয়ে দিলেন কোচ নাভিদ আলম।
ছায়াঘেরা বিকেএসপিতে সেই নবীন দলের খেলা দেখতে দেখতে মনে হচ্ছিল, আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আরও দরকার। ভারতের খেলোয়াড়েরা শারীরিক সক্ষমতায় অনেক এগিয়ে। এই দলের সঙ্গে বাংলাদেশের অনভিজ্ঞ নবীনেরা লড়াই করে তিন ম্যাচে ‘মাত্র’ ১০ গোল হজম করেছে, যেটিকে ভালো ফলই বললেন বিকেএসপিতে তিন ম্যাচই দেখতে আসা বাংলাদেশের হকির কিংবদন্তি আবদুস সাদেক। কিছু ভুল তো বাংলাদেশ দল করেছেই। প্রতি-আক্রমণে টক্কর দিতে পারেনি। কালকের প্রথম গোলটা ৬ মিনিটে, প্রায় মাঝমাঠ থেকে ফাঁকা জায়গা পেরিয়ে কোনাকুনি হিটে ১-০ করেন যুবরাজ। ৩৮ মিনিটে ভারতের দ্বিতীয় গোল পেনাল্টি কর্নারে, পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ গুরজিন্দার সিংয়ের হিটে লক্ষ্যভেদ।
ভারতের প্রাধান্য ছিল সুস্পষ্টই, তবে ম্যাচের শেষ দিকে বাংলাদেশ ২-১ করে ফেললে বেশ উৎফুল্ল হয়ে ওঠে বিকেএসপির একঝাঁক ছাত্র-ছাত্রী। মিলনের লম্বা বলে স্টিক ছুঁইয়ে মিমোর গোলে ২-১। অবশ্য বিকেএসপির ছেলেমেয়েদের করতালি মিলিয়ে যেতে না-যেতেই ৪০ সেকেন্ডের মধ্যেই ভারতীয় অধিনায়ক বিক্রমকান্তের ফিল্ড গোল। আগুনে যেন পানি ঢেলে দিল কেউ।
বাংলাদেশের কাছে এই সিরিজটা ধরা রইল নবীনদের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হিসেবে। আর এই সিরিজের তৃতীয় ম্যাচে ‘সম্মাননজক’ হার দেখে মাঠে উপস্থিত হকি ফেডারেশনের কোচিং কমিটির প্রধান সাবেক খেলোয়াড় মামুনুর রশিদ বললেন, ‘দলে কেউ যে অপরিহার্য নয়, এই ম্যাচ সেই বার্তাই দিল আমাদের।’
ভারতীয় কোচ তুষার খান্ডেকার ঘুরেফিরে বারবারই প্রশংসা করলেন বাংলাদেশের। সেটা একটু বেশিই পেলেন লাল-সবুজের গোলরক্ষক অসীম গোপ, যিনি কাল একটি পেনাল্টি স্ট্রোক ও চারটি পেনাল্টি কর্নার আটকে ম্যাচসেরা হয়েছেন।
অসীমদের সামনে আগামী মাসে এশিয়ান গেমসের বড় চ্যালেঞ্জ। সেটিরই প্রস্তুতি হিসেবে এই সিরিজ দিল আত্মবিশ্বাসের জ্বালানি!